
ঘটনাবহুল দিনে শেখ হাসিনা দেশ ছেড়েছেন। খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন রাষ্ট্রপতি।

টানা সাড়ে ১৫ বছর বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তুমুল গণআন্দোলনের মধ্যে পদত্যাগ করে দেশ ছেড়েছেন; ঢাকার রাজপথ ছাত্র-জনতার দখলের মধ্যে অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা এসেছে।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ৬০ দিন আগে শিক্ষার্থীদের যে আন্দোলন শুরু হয়েছিল তা সরকার পতনের আন্দোলনে রূপ নেওয়ার পর দেশজুড়ে সংঘাত আর তিন শতাধিক মানুষের মৃত্যুর মধ্যে শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে হল।
প্রধানমন্ত্রীর পদত্যাগের পর পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার গঠনের মাধ্যমে দ্রুত সময়ে পরবর্তী নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনার কথা বলেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
সোমবার রাত সোয়া ১১টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচিত করা হবে। সংবিধান অনুযায়ী বর্তমান সংসদ বিলুপ্ত করা হবে।”
এর আগে বিকাল ৪টার দিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের আনুষ্ঠানিক ঘোষণার আগেই সংবাদমাধ্যমে খবর আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে হেলিকপ্টারে করে দেশ ছেড়েছেন। তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও রয়েছেন। তারা গেছেন ভারতের আগরতলায়।

পরে সেখান থেকে সন্ধ্যায় দিল্লি লাগোয়া উত্তরপ্রদেশের গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে নেমেছে শেখ হাসিনাকে বহনকারী সামরিক বিমান।
এনডিটিভি লিখেছে, তিনি শিগগিরই লন্ডনের উদ্দেশে রওনা হবেন বলে ধারণা করা হচ্ছে। শেখ হাসিনা যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন বলেও খবর এসেছে ভারতের ইংরেজি দৈনিক হিন্দুর প্রতিবেদনে।
এদিকে সর্বাত্মক অসহযোগের মধ্যে ঢাকার নিয়ন্ত্রণ নেওয়া জনতা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনও দখল করে নিয়েছেন। সেখানে তাদের উন্মত্ত উল্লাসের দৃশ্য মনে করিয়ে দিয়েছে ২০২২ সালে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট প্রাসাদ দখল করে জনতার উল্লাসের স্মৃতি।
আর ঢাকার পথে পথে জনতার উচ্ছ্বাস আর সেনা সদস্যদের সঙ্গে তাদের হাত মেলানোর দৃশ্য ১৯৯৬ সালের মার্চে প্রবল আন্দোলনের মুখে বিএনপি নেত্রী খালেদা জিয়ার পদত্যাগের পরের পরিস্থিতিও স্মৃতিতে ফিরিয়ে এনেছে।
এমন ঘটনার প্রেক্ষাপটে বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।
তিনি বলেছেন, প্রতিটি হত্যা, অবিচারের বিচার হবে। সবার চেষ্টায় দেশে শান্তি ফিরে আসবে।

যেভাবে পতন
শিক্ষার্থীদের এই আন্দোলন শুরু হয়েছিল সরকারি চাকরিতে কোটা বাতিল করে ২০১৮ সালে জারি করা পরিপত্রটি হাই কোর্ট বাতিল করার প্রতিক্রিয়ায়।
৫ জুন হাই কোর্টে প্রজ্ঞাপন বাতিলের পর প্রথমে ছোট পরিসরে ক্যাম্পাসে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। ১ জুলাই মাঠে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে তাদের টানা কর্মসূচির মধ্যে সরকারও হাই কোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করে, ফলে সেই আদেশ স্থগিত হয়ে যায়।
পরিস্থিতি পাল্টে যায় ১৪ জুলাই। সেদিন চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এক প্রশ্নে বলেন, “মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কোটা পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা পাবে?”
পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল বের হয় ‘তুমি কে আমি কে রাজাকার, রাজাকার’। কিছুক্ষণ পর সেই স্লোগান পাল্টে বলা হয়, ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে স্বৈরাচার, স্বৈরাচার’।

সেই রাতেই ছাত্রলীগ মিছিল বের করে, ‘তুমি কে আমি কে, বাঙালি বাঙালি।’
পরদিন সকালে ওবায়দুল কাদের এক বক্তব্যে বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঔদ্ধত্বের জবাব দেবে ছাত্রলীগ।”
পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়। এর প্রতিবাদে পরদিন ১৬ জুলাই সারা দেশের শিক্ষাঙ্গনে বিক্ষোভের ডাক দেওয়া হয়।
সেদিন সংঘর্ষে চট্টগ্রামের মুরাদপুরে ছাত্রদল নেতাসহ তিনজন, ঢাকার সায়েন্স ল্যাবরেটরিতে ছাত্রলীগ কর্মী ও এক হকার এবং রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) গুলিতে এক শিক্ষার্থীর মৃত্যুতে পরিস্থিতি আরও ঘোলাটে হয়। খালি হাত প্রসারিত করে পুলিশের সামনে দাঁড়ানো রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের নিহত হওয়ার ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
আন্দোলন-সংঘাতের মধ্যে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় ১৬ জুলাই। পরদিন জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, তার বিশ্বাস শিক্ষার্থীরা আদালতে ন্যায়বিচার পাবে।

শেখ হাসিনা। ফাইল ছবি।
তবে পরের দিন কমপ্লিট শাটডাউন কর্মসূচির ডাক আসে শিক্ষার্থীদের তরফে। সেদিন ঢাকার বাড্ডা ও উত্তরায় সংঘাতে বেশ কয়েকজন শিক্ষার্থীর মৃত্যুর পর পরিস্থিতির অবনতি ঘটে।
দুপুরের পর রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনায় হামলা হতে থাকে। পরের তিন দিন ধরে চলে সংঘর্ষ, প্রাণহানি ঘটে দুই শতাধিক মানুষের।
পরে শিক্ষার্থীদের পক্ষ থেকে কখনো ৮ দফা, কখনো ৯ দফা দাবি জানানো হয়। ঘটনার পরম্পরায় ৩ অগাস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ থেকে সরকার পতনের ‘এক দফা’ দাবি জানানো হয়।
পরদিন বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে সারাদেশে পুলিশসহ শখানেক মানুষের প্রাণহানি ঘটে। ওইদিন সন্ধ্যা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়। আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তরফে সোমবার ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করা হয়।
সোমবার বেলা ১১টার পর থেকে লাখো জনতা ঢাকার শাহবাগসহ বিভিন্ন অংশে প্রবেশ করতে শুরু করে। এরইমধ্যে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান জানান, শেখ হাসিনা পদত্যাগ করেছেন।