বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে ‘আওয়ামী লীগের’ মিছিল, চিনির ট্রাকে আগুন

কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে শরীয়তপুরের জাজিরা উপজেলায় দলটির নেতাকর্মীরা মিছিল করেছে বলে জানিয়েছে পুলিশ। পরে একটি চিনির ট্রাকে আগুন দেওয়া হয়।

বৃহস্পতিবার সকালে উপজেলার নাওডোবা তস্তারকান্দি এলাকার ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়েতে ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটে বলে জাজিরা থানার ওসি মইনুল ইসলাম জানান।

স্থানীয়দের বরাতে ওসি মইনুল বলেন, “আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার ভোরে জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় লাঠিসোঁটা হাতে মিছিল করেন তাদের নেতাকর্মীরা। এ সময় ককটেল বিস্ফোরণ করেন তারা।

এর কিছুক্ষণ পর ওই এলাকা দিয়ে ঢাকা থেকে ভাঙ্গার দিকে যাওয়া একটি চিনির ট্রাকে অগ্নিসংযোগ করা হয়। এতে আধা ঘণ্টার বেশি সময় ধরে ঢাকা-শরীয়তপুর যানচলাচল বন্ধ থাকে।”

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এর আগেই অগ্নিসংযোগকারীরা সড়ক থেকে সড়ে পড়েন বলে ওসি মইনুল ইসলাম জানান।

শরীয়তপুর সুপার সার্ভিসের বাসের চালক মতিউর রহমান বলেন, “একটি ট্রাকে অগ্নিসংযোগ করার কারণে ২০-২৫ মিনিট গাড়ি বন্ধ ছিল। এখন স্বাভাবিক আছে।”

শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, “একটি ট্রাকে দুষ্কৃতকারীরা অগ্নিসংযোগ করেছে। বর্তমানে যানচলাচল স্বাভাবিক আছে।”

তিনি বলেন, “মিছিলের বিষয়টি আমাদের নজরে এসেছে। সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশ মাঠে আছে।”