
শরীয়তপুরের জাজিরা উপজেলায় এক ইউপি সদস্যের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় সেখানে বোমার বিস্ফোরণে অন্তত ৫ জন আহত হয়েছেন।
রোববার সকালে উপজেলার বিলাসপুর ইউনিয়নের বুদাইনহাট এলাকায় এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে জাজিরা থানার ওসি মাইনুল ইসলাম জানান।

আহতদের মধ্যে তিনজনের পরিচয় মিলেছে। তারা হলেন- সালাউদ্দিন বেপারী (৫০), সুমি বেগম (৪০), নাজিম (১২)। তাদের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আটকরা হলেন- কামাল খান (৪৫) ও আলীউজ্ঝামান (৪০)।
পুলিশ ও স্থানীয়রা বলছে, জাজিরা উপজেলার বিলাশপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বেপারী ও সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল মাদবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

সে দ্বদ্বের জের ধরে সকালে ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান নাসির উদ্দিন বেপারীর বাড়িতে হামলা চালানো হয়। নাসির জলিল মাদবরের সমর্থক হিসেবে পরিচিত। হামলাকারীরা ভবনের দরজা জানালার কাচ ভেঙে ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়।
এ সময় সন্ত্রাসীরা ‘শতাধিক’ বোমার বিস্ফোরণ ঘটিয়ে চরম আতঙ্ক সৃষ্টি করে এবং তাদের বোমার আঘাতে পাঁচজন আহত হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
আহত সালাউদ্দিন বেপারীর স্ত্রী সুমি আক্তার বলেন, “বর্তমান চেয়্যারমান কুদ্দুস বেপারীর লোকজন মুন্তা, তাজুল ইসলাম, সাব্বির সৈয়াল গংরা ২০/২৫ জন সন্ত্রাসী সকালে আমাদের বাড়িতে বোমা হামলা করে। আমাদের বাড়ির কাচ ভাঙচুর করেছে। তারা শতাধিক বোমার বিস্ফোরণ ঘটায়। পরে আমরা ৯৯৯ ফোন করে পুলিশ আনাই।”
এ অভিযোগের বিষয়ে জানতে মুন্তা মিয়া ও তাজুল ইসলামের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি।
ওসি মাইনুল ইসলাম বলেন, “আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জেরে আজকে এক মেম্বারের বাড়িতে হামলা হয়। হামলাকারীরা বেশ কিছু ককটেলের বিস্ফণ ঘটায়।”
তিনি বলেন, “এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আমরা দুজনকে আটক করেছি। এখন ও কেউ মামলা দায়ের করেনি। মামলা হলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।”