বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রামেই কার্যক্রম চলছে দেড় শ বছরের আদালতের, বদলে গেছে চিকন্দীর জীবন

১৫৪ বছর ধরে চিকন্দী গ্রামে চলছে সিনিয়র সিভিল জজ আদালতটির কার্যক্রম। সম্প্রতি শরীয়তপুর সদর উপজেলার চিকন্দী এলাকায়ছবি: প্রথম আলো

শরীয়তপুর জেলা শহর থেকে ১২ কিলোমিটার দূরের একটি গ্রাম চিকন্দী। গ্রামে যে সিনিয়র সিভিল জজ আদালতটির কার্যক্রম চলছে, তা প্রতিষ্ঠিত হয় ১৮৭২ সালে। তখন ব্রিটিশ শাসকেরা প্রথম মুন্সেফ আদালত নামে ওই আদালতটি প্রতিষ্ঠা করেন। ১৫৪ বছর ধরে গ্রামের ওই আদালতটিতে দেওয়ানিসহ বিভিন্ন মামলার বিচার কাজ চলছে।

চিকন্দী সিনিয়র সিভিল জজ আদালত ও আইনজীবী সমিতি সূত্র জানায়, ব্রিটিশ শাসন আমলে শরীয়তপুর, মাদারীপুর ও মুন্সিগঞ্জের কিছু এলাকার মানুষকে আইনি সহায়তা দেওয়ার জন্য ব্রিটিশ শাসকেরা ১৮৬০ সালের দিকে পদ্মা নদীতে একটি ভ্রাম্যমাণ চৌকি আদালত পরিচালনা শুরু করেন। একটি জাহাজে করে নড়িয়া উপজেলার মুলফৎগঞ্জ এলাকায় ওই আদালতটির কার্যক্রম চলত। পরবর্তী সময়ে নদীভাঙনের কারণে ওই আদালতটি সদর উপজেলার চিকন্দী এলাকায় সরিয়ে আনা হয়।

গ্রামে ১৮৭২ সালে একটি গোলপাতার ঘর নির্মাণ করে তাতে প্রথমে আদালতের কার্যক্রম চালানো হয়। এরপর সেখানে দুটি ছোট পাকা ভবন গড়ে ওঠে। পরবর্তী সময়ে সাড়ে ১০ একর জমির ওপর আদালত এলাকা গড়ে তোলা হয়। ১৯২৬ সালে একতলা একটি আদালত ভবন নির্মাণ করা হয়। বর্তমানে সেই ভবনের ৮টি কক্ষের মধ্যে সিনিয়র সিভিল জজ আদালতের কার্যক্রম চলছে।

শরীয়তপুর এলাকাটি ফরিদপুর জেলার অন্তর্গত একটি মহকুমা ছিল। ১৯৮৪ সালে শরীয়তপুর জেলা প্রতিষ্ঠিত হয়। তখন থেকে জেলা শহরে জেলা ও দায়রা জজ আদালতের কার্যক্রম শুরু হয়। সেখানে জেলার চারটি উপজেলার দেওয়ানি মামলার কার্যক্রম চললেও চিকন্দীতে সদর ও জাজিরা উপজেলার দেওয়ানি মামলার বিচারকাজ চলতে থাকে। ওই আদালতটি আর জেলা শহরে সরিয়ে নেওয়া হয়নি।

শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা ফাহিমা আক্তার প্রথম আলোকে বলেন, জেলা শহর থেকে ১০-১২ কিলোমিটার দূরত্বে একটি চৌকি আদালত ব্রিটিশ আমল থেকে আছে। এখনো আদালতটির কার্যক্রম চিকন্দী নামের একটি গ্রামে পরিচালিত হচ্ছে। ওই আদালতটি জেলা ও দায়রা জজ আদালতের অধীনে চলছে।