বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মায় জেলেদের আর্তনাদ নৌ-পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজি ছদ্মবেশে ডাকাতির অভিযোগ

 

শরীয়তপুরে পদ্মা নদীতে জেলেদের কাছ থেকে নৌ-পুলিশের নামে চাঁদাবাজি ও ডাকাতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জেলে ও মৎস্যজীবী দলের নেতারা। তবে অভিযোগ অস্বীকার করেছে নৌ-পুলিশ। শনিবার সন্ধ্যায় ভেদরগঞ্জ উপজেলার দুলারচর লঞ্চঘাট এলাকায় প্রায় দুই শতাধিক জেলে এ কর্মসূচিতে অংশ নেন। তারা অভিযোগ করেন, চাঁদপুর, মোহনপুর ও নরসিংহপুর নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা নদীতে মাছ ধরতে গেলে জেলেদের কাছ থেকে ৫ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত চাঁদা দাবি করে। টাকা না দিয়ে বিভিন্ন মামলায় হয়রানি করা হয়। স্থানীয় সূত্র জানায়, ভেদরগঞ্জের দুলারচর, নড়িয়ার শুরেশ্বর ও সখিপুর এলাকার প্রায় দুই হাজার জেলে পদ্মা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। কিন্তু চাঁদাবাজি ও রাতের বেলা নৌকায় ডাকাতির ঘটনায় আতঙ্কে অনেকে নদীতে নামছেন না। জেলে সোহেল মোল্লা বলেন, নৌ-পুলিশের সদস্যরা রাতে মুখোশ পরে ছদ্মবেশে ডাকাতি করে। এতে শত শত জেলের জীবিকা হুমকিতে পড়েছে। জেলে মজিবর মিয়া ও স্বপন ফকির বলেন, বৈধ জাল নিয়ে মাছ ধরতে গেলেও চাঁদা না দিলে জেল-জরিমানার মুখে পড়তে হয়। তাদের দাবি, টাকা দিলে অবৈধ জালও বৈধ হয়ে যায়। ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানা যুবদলের অর্থ সম্পাদক মাসুদ করিম বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ও চাঁদা দিতে হয়েছে, এখনো দিতে হচ্ছে। চাঁদা না দিলে নৌকা আটক ও হয়রানি করা হয়। অভিযোগের বিষয়ে মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জকে একাধিক ফোন করেও তাকে পাওয়া যায়নি। নরসিংহপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইয়াসিনুল হক বলেন, এ ধরনের কোনো ঘটনার তথ্য আমার জানা নেই। চাঁদপুর নৌ-পুলিশের পুলিশ সুপার সৈয়দ মুসফিকুর রহমান বলেন, জেলেরা কারেন্ট জাল ব্যবহার করতে চায়। আমরা বাধা দিলে তারা এসব অভিযোগ করছে।