বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার পতন: তাণ্ডবের ক্ষত শরীয়তপুরে, কাটেনি আতঙ্কও

 

সোমবার শরীয়তপুর জেলা শহরের চৌরঙ্গী মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে ফেলা হয়। সদ্য সাবেক শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর বাড়িতে লুটপাট-ভাঙচুর ও অগ্নিসংযোগ করে হামলাকারীরা।

ভেঙে ফেলা হয় জেলা শহরের ধানুকা মনসা বাড়ির একটি মন্দির। শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র বাচ্চু বেপারীর ক্লাবে লুটপাট-অগ্নিসংযোগ হয়। ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদ শেখের ব্যবসা প্রতিষ্ঠানসহ শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট করা হয়।

নড়িয়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ও ঘড়িসার ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে দখল করা হয়েছে। পুরো উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করা হয়েছে। ভাঙচুর-লুটপাট হয়েছে সাবেক পৌর মেয়র শহীদুল ইসলাম বাবু রাড়িতেও।

ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরকুমারীয় ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. ফারুক মোল্লাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় ১৫টি বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করা হয় বলে জানা গেচে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছে।

গুঁড়িয়ে দেওয়া হয়েছে ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্য়ালয়। পুরো উপজেলা শহরের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ম্যুরাল ভাঙচুর এবং বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট হয়েছে। ডামুড্যা উপজেলা শহরেরও বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর হয়েছে।

নড়িয়া পৌরসভার সাবেক মেয়র শহীদুল ইসলাম বাবু রাড়ী বলেন, “নড়িয়া উপজেলায় আওয়ামী লীগের কার্যালয়, পানি ভবন ভাঙচুর করেছে। আমার বাড়িতেও ভাঙচুর ও লুটপাট করেছে।”