

শরীয়তপুরের নড়িয়া-জাজিরা সড়কের কীর্তিনাশা নদীতে সেতুর নির্মাণকাজ শেষ না হওয়ায় এলাকার লোকজন দুর্ভোগে পড়েছে। সাত বছরে দুই দফায় ঠিকাদার পরিবর্তন করেও সেতুটির নির্মাণকাজ শেষ করতে পারেনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। পুরোনো সেতুটিও ভেঙে ফেলায় ছয় মাস ধরে ওই পথে চলাচলকারীদের ঝুঁকি নিয়ে নৌকায় করে নদী পারাপার হতে হচ্ছে।

সেতুটির নাম ভাষাসৈনিক গোলাম মাওলা সেতু। স্থানীয় বাসিন্দারা বলেন, প্রতিদিন কয়েক হাজার মানুষ এ পথ দিয়ে চলাচল করে। সামনে বর্ষা। নদীতে পানি বেড়ে বর্ষায় দুর্ঘটনার ঝুঁকি বাড়বে। যাঁরা ট্রলারে করে নদী পার হতে চান না, তাঁদের ১৫ কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে পদ্মা সেতু হয়ে ঢাকায় যাতায়াত করতে হয়।
৩ জুন নড়িয়া কীর্তিনাশা নদীর তীরে গিয়ে দেখা যায়, কোনো শ্রমিক সেখানে কাজ করছেন না। নদীর পূর্ব পাড়ে ভায়াডাক্টের কিছু অংশ নির্মাণ করা হয়েছে, আর পশ্চিম তীর ও নদীতে আটটি পিলার করা হয়েছে। ওই পথে চলাচলকারী ব্যক্তিরা ট্রলার দিয়ে নদী পারাপার হচ্ছেন। ট্রলার দিয়ে নদী পার হতে ১০ মিনিট লাগে। চারটি ট্রলার লাগাতার যাত্রী পারাপার করলেও প্রতিটি ট্রলারেই ভিড়। অসংখ্য মানুষ চাপাচাপি করে উঠছেন। অনেকে ট্রলারে মোটরসাইকেলও তুলছেন।
মোক্তারের চর এলাকার হৃদয় হোসেন নড়িয়া সরকারি কলেজে পড়ালেখা করে। সে বলে, কলেজের ক্লাস ও প্রাইভেট পড়া মিলে দিনে ছয়-সাতবার উপজেলা সদরে আসা-যাওয়া করতে হয়। ছয় মাস ধরে নৌকায় নদী পারাপার হচ্ছে তারা। বই-খাতা ভিজে যাওয়ার ভয় থাকে। বর্ষা মৌসুমে নদীতে আরও স্রোত বেড়ে যাবে। তখন দুর্ভোগ আর ঝুঁকি আরও বাড়বে।
নড়িয়ার রাজনগর এলাকার লিয়াকত হোসেন একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। প্রতিদিন তিনি পাঁচ-ছয়বার উপজেলা সদরে যাতায়াত করেন। লিয়াকত বলেন, ‘পুরোনো সেতুটি দিয়ে আমার মোটরসাইকেল নিয়ে যাতায়াত করতাম। নতুন সেতু নির্মাণ না করেই পুরোনো সেতুটি ভেঙে ফেলায় আমরা দুর্ভোগে পড়েছি। প্রতিদিন নৌকায় করে পারাপার হতে আমাদের ভয় লাগে। নিরুপায় হয়েই তা করতে হচ্ছে।’