
শরীয়তপুরের ডামুড্যাতে রাসেল সরদার (৩৮) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভাঙ্গাব্রিজ এলাকায় ঘটে এ ঘটনা। নিহত রাসেল সরদার একই এলাকার ইসহাক সরদারের ছেলে।

পুলিশ ও স্বজনরা জানান, শুক্রবার দুপুরে ভাঙ্গাব্রিজ এলাকায় একটি সেলুনে চুল কাটছিলেন রাসেল। এসময় পেছন থেকে স্থানীয় বিএনপি কর্মী সাইফুল মাদবর ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতাল ও পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৩টার দিকে মৃত্যু হয় তার।
এ ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা। সংঘর্ষ এড়াতে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন স্বজনরা।
নিহতের ভাবি সীমা আক্তার বলেন, আমার দেবর আওয়ামী লীগ করতো বলে বিএনপির সাইফুল ও তার লোকজন কুপিয়ে হত্যা করেছে। ছোট দুটি বাচ্চাকে এতিম করে দিয়ে গেলো। আমরা ওদের ফাঁসি চাই।
নিহতের বোন ইয়াসমিন বলেন, আমার ভাইকে ওরা মেরে ফেললো। আমার ভাই তো কারো ক্ষতি করেনি। খুনিদের কঠিন বিচার চাই।
এ ব্যাপারে জেলার পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জেরে রাসেল নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনা ঘটেছে। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।