
ঢাকা-শরীয়তপুর মহাসড়কের টু-লেন সংযোগ সড়ক সম্প্রসারণ প্রকল্পের কাজ চলছে ধীরগতিতে। নেই কোনো কাজের অগ্রগতি। ৪ বছর পেরিয়ে গেলেও শেষ হয়েছে মাত্র ৫০ শতাংশ কাজ। সড়ক খুঁড়ে রাখায় ভোগান্তিতে এ রাস্তায় চলাচলকারী চালক ও যাত্রীরা। মাত্র ২৭ কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লেগে যাচ্ছে প্রায় ২-৩ ঘণ্টা। বেড়েছে জ্বালানি খরচ, নষ্ট হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ। স্থানীয় অর্থনীতিতে পড়েছে বিরূপ প্রভাব। পাশাপাশি জাজিরা কলেজ মোড় থেকে ঠান্ডার মোড় পর্যন্ত বাইপাশ সড়ক না করায় সরকারের প্রায় ২০০ কোটি টাকার ও বেশি গচ্চা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শরীয়তপুর জেলা সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৪ মার্চ ভূমি অধিগ্রহণ চলাকালীন সময় শরীয়তপুর নাওডোবা সড়কের উন্নয়ন কাজ শুরু হয়। ২৭ দশমিক ০১৩ কিলোমিটার দৈর্ঘ্যরে এ কাজের নির্মাণ ব্যয় ধরা হয় ১৬শ কোটি ৮২ লাখ টাকা। সড়ক ও দুটি ব্রিজসহ ৩টি প্যাকেজে কাজ দেওয়া হয়। শরীয়তপুর থেকে জাজিরা কলেজ মোড় পর্যন্ত ১৩ কিলোমিটার সড়ক নির্মাণের কাজ পায় মেসার্স সালেহ আহাম্মেদ, অপরটি জাজিরা কলেজ মোড় থেকে নাওডোবা পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার সড়ক নির্মাণের কাজ পায় মেসার্স মীর হাবিবুল আলম অ্যান্ড মাহবুব টেড্রার্স লিমিটেড। ৪ বছর ধরে জমি জটিলতা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে কাজের তেমন কোনো অগ্রগতি হয়নি। দুর্ভোগ পোহাতে হচ্ছে এ অঞ্চলের লাখ লাখ মানুষের। কাজের মেয়াদ বৃদ্ধির জন্য বারবার আবেদন করে ঠিকাদারি প্রতিষ্ঠান। দফায় দফায় বেড়েছে প্রকল্পের মেয়াদ। ঝিমিয়ে ঝিমিয়ে চলছে সড়কের কাজ। সড়কে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকবল তেমন নেই। নামেমাত্র শ্রমিক আর যন্ত্রপাতি দিয়ে চলছে ২৭ কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ। পুরো সড়কজুড়েই ভাঙাচুরা আর খানাখন্দ। এতে ভোগান্তিতে চলাচলকারীরা। বৃষ্টি হলেই ভোগান্তি বাড়ে কয়েকগুণ। চলাচলে যাত্রীদের পড়তে হয় যানজটে ঘটে দুর্ঘটনাও।

যাত্রী সাইফুল ইসলাম, আলম বেপারী বলেন, পদ্মা সেতু থেকে আমাদের জেলা সবচেয়ে কাছে। কিন্তু দুর্ভোগটা আমরাই সবচেয়ে বেশি পাই রাস্তা খারাপ হওয়ার কারণে। ৩ ঘণ্টার জায়গায় ৬ ঘণ্টা লাগে। অসুস্থ রোগীদের অনেক দুর্ভোগ পোহাতে হয় বলেও জানান আরেক যাত্রী। বাস মালিক সমিতির সভাপতি ফারুক আহাম্মেদ তালুকদার বলেন, এমন সড়ক দিয়ে চলাচলে ক্ষতিগ্রস্ত হয় যানবাহন। প্রতিনিয়ত পালটাতে হচ্ছে গাড়ির যন্ত্রাংশ। মালামাল পরিবহণেও তৈরি হয়েছে নানা রকমের ঝুঁকি। ব্যবসায়ী জাকির মিয়া, আলী হোসেন বেপারী বলেন, পদ্মা সেতু তৈরি হওয়ার পর একটু আলোর মুখ দেখেছি কিন্তু রাস্তা সংস্কারের কাজ না হওয়ায় ক্ষতির দিকে যাচ্ছে ব্যবসা-বাণিজ্য। প্যাকেজ ৩-এর সাইড ঠিকাদার বকুল আহাম্মেদ বলেন, ঠিকঠাক মতোই চলছে সড়কের কাজ। বৃষ্টিসহ নানা রকম সমস্যার কারণে আমাদের কাজে বিলম্ব হচ্ছে। মীর হাবিবুল আলম কনস্ট্রাকশন সহকারী ম্যানেজার মোশাররফ হোসেন বলনে, রাস্তা ঠিক করতে যেসব উপকরণ লাগবে সব পর্যাপ্ত আছে। আর কাজ প্রায় শেষ। আর কিছু দিনের মধ্যে আমরা কাজ শেষ করে ফেলব। শরীয়তপুর সওজ নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেন বলেন, সড়ক নির্মাণকাজে অধিগ্রহণ আর জমি জটিলতার কারণে আমাদের বছরের পর বছর সময় পার হয়ে যাচ্ছে। মোট কাজের অগ্রগতি প্রায় ৫৫% এর বেশি শেষ। যদিও ২০২৬ সালের জুন পর্যন্ত সময় নেওয়া। তবে আমরা আশা করছি ২৫ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হবে।