
শরীয়তপুরের গোসাইরহাটে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ৬ জেলেকে আটকসহ ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুর ২ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।

উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ জানায়, মা ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে এক শ্রেনীর অসাধু জেলে মাছ শিকার করছিলো। মঙ্গলবার দুপুর থেকে মা ইলিশ রক্ষায় উপজেলার মেঘনা নদীতে অভিযানে নামে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরার সময় ৬ জন জেলেকে আটক করা হয়। পাশাপাশি ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৮ লক্ষ টাকা। এছাড়া অভিযানে একটি ইঞ্জিন চালিত ছোট নৌকা জব্দ করা হয়। অভিযানে জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাব্বির সাজ্জাদ, গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অন্যান্য পুলিশ সদস্যরা অংশ নেয়।
গোসাইরহাট উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কাশেম বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ছয় জেলেকে আটক করা হয়েছে। মা ইলিশ রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত রাখা হবে।