
ঘরে মুরগি ঢোকাকে কেন্দ্র করে প্রতিবেশীর হামলায় নজরুল মাদবর (৪৫) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে ৩ জন। আজ শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে নজরুলের বাড়ির মুরগির বাচ্চা প্রতিবেশী বোরহান মাদবরের ঘরে ঢুকে পড়ে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে দু জনের মধ্যে মারামারি বেধে যায়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে নজরুল ও সুমনের অবস্থার অবনতি হলে তাদের দুই ভাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ শনিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নজরুলের।
নিহতের মেঝো ভাই জসিম মাদবর বলেন, আমি অটোভ্যান নিয়ে কাজের যাওয়ার সময় শুনতে পাই, বোরহানের সঙ্গে বড় ভাই নজরুলের বাকবিতণ্ডা হচ্ছে। একপর্যায়ে আমাদের জমি সংক্রান্ত বিরোধের প্রতিপক্ষ হক মাদবরের ছেলে এসে বোরহানের সঙ্গে মিলে ধারালো অস্ত্র নিয়ে ভাইয়ের ওপর হামলা চালায়। এসময় আমার ছোট ভাই ও বাবা এগিয়ে গেলে তাদেরও কুপিয়ে জখম করা হয়।
জাজিরা থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন বলেন, মুরগি নিয়ে বিবাদের জেরে মারামারির ঘটনা ঘটেছে। এতে নজরুল, সুমন ও তাদের বাবা লতিফ আহত হন। পরে তাদের জাজিরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর নজরুল ও তার ভাই সুমনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের ঢাকায় পাঠানো হয়। আজ সকালে ঢাকা মেডিকেলে মারা যান নজরুল। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।