বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মায় নৌপথে অবাধে চাঁদাবাজি, অতিষ্ঠ নৌযান ব্যবসায়ীরা

নৌপথে অবাধে চলছে চাঁদাবাজি

 

মেঘনা থেকে পদ্মা ও শীতলক্ষ্যা হয়ে বুড়িগঙ্গা পর্যন্ত বিস্তৃত নৌপথে পণ্যবাহী নৌযানে ডাকাতি ও চাঁদাবাজির ঘটনা কয়েক মাস ধরে বাড়ছে। বিভিন্ন স্থানে নোঙর করা নৌযান থেকে দিনের বেলায় চাঁদাবাজি করছে দুর্বৃত্তরা। রাতের বেলা এসব নৌযানে হানা দিয়ে অস্ত্রের মুখে টাকা, মুঠোফোনসহ দামি জিনিসপত্র নিয়ে যাচ্ছে ডাকাতেরা। কিছু ঘটনায় মামলা হলেও বেশির ভাগ আড়ালে থেকে যাচ্ছে বলে জানিয়েছেন নৌযান শ্রমিকেরা।

গত চার মাসে কেবল শরীয়তপুর ও চাঁদপুরের বিভিন্ন স্থানে নৌপথে অন্তত ৩২টি ডাকাতির ঘটনার অভিযোগ করেছে দুই জেলার বাল্কহেড মালিক সমিতি। চাঁদপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জে নৌপথের বিভিন্ন স্থানে নিয়মিত চাঁদাবাজির অভিযোগ করেছেন শ্রমিকেরা।

শরীয়তপুরের নড়িয়া উপজেলার গোডাউন ঘাট থেকে শুরু করে শুরেশ্বর পয়েন্ট পর্যন্ত ১০টি পয়েন্টে, ওয়াপদা, চরআত্রা, খাজুরতলা, বাবুরচর, পাইনপাড়া এলাকায় কিছু লোক ট্রলার দিয়ে নৌযান থেকে চাঁদা আদায় করে বলে অভিযোগ রয়েছে।

নৌযান মালিক ও শ্রমিকেরা বলছেন, ট্রলার ও স্পিডবোটে করে এসে ১০ থেকে ১৫ জনের দল আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে নৌযানে হানা দেয়। কোথাও চাঁদা দিতে হয় দুই থেকে তিন হাজার টাকা। কোথাও দিতে হয় ২০ থেকে ২৫ হাজার টাকা। চাঁদা না পেলে তারা নৌযান শ্রমিকদের মারধর ও ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত জখম করে সবকিছু লুট করে নিয়ে যায়। ডাকাতি ও চাঁদাবাজির ঘটনা বৃদ্ধি পাওয়ায় নৌযান মালিক-শ্রমিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে ।