
পাটকাঠি পুড়িয়ে ছাই উৎপাদন। এরপর তা রপ্তানি করে আসে বৈদেশিক মুদ্রা। লাভজনক হওয়ায় শরীয়তপুরের জাজিরা উপজেলায় একটি ‘পাটখড়ি’ মিল গড়ে উঠেছে। কিন্তু নিয়ম-কানুন না মেনে ছাই উৎপাদন করায় মিলগুলো থেকে নির্গত ধোঁয়ায় বায়ুদূষণ বেড়ে মানুষ নানা রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছে। এমনই একটি পাটখড়ি মিল শরীয়তপুর জেলার জয়নগর ইউনিয়নের অদূরে কয়েক একর জায়গায় গড়ে উঠেছে।
স্থানীয় বাসিন্দা জানান, নির্গত ব্যাপক ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন থাকে। আশপাশের গ্রামে ধোঁয়া ছড়িয়ে পড়ায় বাসিন্দারা দুর্ভোগের শিকার হন।
জয়নগর বাজারে ব্যবসায়ী রায় সেন্টু বলেন, গ্রাম ঘেঁষে পাটকাঠি পোড়ানোর কারখানা থেকে প্রচুর কালো ধোঁয়া নির্গত হয়। এতে স্থানীয়দের শ্বাসকষ্টসহ বিভিন্ন সমস্যা হয়। এত ধোঁয়া হয় প্রচুর। এতে ঘর থেকে বের হতেও ভয় লাগে। বিশেষ করে শিশু ও বয়স্করা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। অ্যাজমা ও হৃদরোগীদের জন্য এ ধোঁয়া মারাত্মক ক্ষতিকর।