
শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কের ৩৫ কিলোমিটার দীর্ঘ প্রায় ২০ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সড়ক সম্প্রসারণ ও মজবুতকরণের জন্য ২০১৯ সালে একটি প্রকল্প হাতে নেয় সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়। গত ৬ বছরেও জমি অধিগ্রহণের কাজ শেষ না হওয়ায় ২৯ কিলোমিটার অংশের কাজই শুরু করতে পারেনি সড়ক বিভাগ। বাকি ৬ কিলোমিটারের কাজ চলছে ঢিলেঢালাভাবে। এমন অবস্থায় ব্যয় বৃদ্ধিসহ নানা কারণে প্রকল্প বাতিলের শংকা দেখা দিয়েছে। এ নিয়ে শরীয়তপুরবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। জানা গেছে, বর্তমানে প্রকল্পটি সম্পন্ন করতে আরো ৩৫০ কোটি টাকার মতো অতিরিক্ত প্রয়োজন। কিন্তু বর্তমান সরকারের ব্যয় সংকোচন নীতির কারণে পুরোনো প্রকল্পের ডিপিপি সংশোধন করে বরাদ্দ বাড়ানো সম্ভাবনা কম। তাই প্রকল্পটি বন্ধ হয়ে যাওয়া আশঙ্কা রয়েছে। শরীয়তপুর সড়ক ও জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, চাঁদপুরের ইব্রাহিমপুর ফেরিঘাট থেকে শরীয়তপুর সদরের মনোহরবাজার পর্যন্ত সড়কের দৈর্ঘ্য ৩৫ কিলোমিটার। ২০১৯ সালে সড়কটি সম্প্রসারণ ও মজবুতকরণ সার্ফেসিং ও ব্রিজ কালভার্ট নির্মাণের একটি প্রকল্প অনুমোদন করে সড়ক পরিবহণ মন্ত্রণালয়। প্রথমে ৮৫৯ কোটি ৬৩ লাখ টাকা বরাদ্দ দিয়ে ৩৪ ফুট প্রস্ত ২ লেনের সড়ক নির্মাণ ও ৪ লেনের জন্য জমি অধিগ্রহণের প্রকল্প অনুমোদন দেওয়া হয়। ২০২০ সালে শরীয়তপুরের জেলা প্রশাসকের অধিগ্রহণ শাখা ২৪০ একর জমি অধিগ্রহণের কার্যক্রম শুরু করে। পাশাপাশি ৩৫ কিলোমিটার সড়কে একটি সেতু ও ৫০টি কালভার্ট নির্মাণে ৪টি গ্রচ্ছ প্রকল্পের (প্যাকেজ) দরপত্র আহ্বান করে সওজ। প্রথম প্যাকেজের ৬ কিলোমিটার (ইব্রাহিমপুর ফেরিঘাট থেকে বালার বাজার পর্যন্ত) সড়কের দরপত্র আহ্বান করা হয় ২০১৯ সালের ২৭ নভেম্বর। এখনো সে কাজ ঢিলেঢালাভাবে চলমান। শরীয়তপুর গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী তিমির কুমার মণ্ডল বলেন, এ প্রকল্পে অর্থ বরাদ্দ ছিল ৫ বছর আগের বাজারদর অনুযায়ী। বর্তমান বাজারদর অনুযায়ী জমি অধিগ্রহণের ব্যয় অনেক বেড়ে গেছে। পুনঃদরপত্র আহ্বান করতে গেলে নতুন বাজারদর অনুযায়ী দরপত্র আহ্বান করলে প্রকল্পের ব্যয় অনেক বেড়ে যাবে। সে অনুযায়ী এ প্রকল্প বাস্তবায়নের জন্য বরাদ্দ নেই। তাই প্রকল্পটি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি।