বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের শরীয়তপুর সরকারি কলেজ শাখার সভাপতি সোহাগ ব্যাপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে শরীয়তপুর শহরের চর পালং এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সোহাগ ব্যাপারী শরীয়তপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চরপালং এলাকার বাসিন্দা। ২০২১ সালে গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর হামলায় করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

গণ অধিকার পরিষদের শরীয়তপুর জেলা কমিটির সদস্যসচিব শাহজালাল সাজু বাদী হয়ে ৩০ ব্যক্তিকে আসামি করে গত শনিবার পালং মডেল থানায় একটি মামলা করেন। ওই মামলায় অভিযোগ করা হয়েছে, ২০২১ সালে বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা সোহাগ ব্যাপারীর নেতৃত্বে গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর হামলা করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে শরীয়তপুর সরকারি কলেজের এক শিক্ষক বলেন, ২০২১ সালে শিক্ষক ও শিক্ষার্থীদের একটি অনুষ্ঠানে দাওয়াত না পাওয়ার অজুহাতে কলেজের এক শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছিল সোহাগ ব্যাপারীর বিরুদ্ধে। তখন এ বিষয়ে পালং মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছিলেন ভুক্তভোগী ওই শিক্ষক। কিন্তু তৎকালীন স্থানীয় সংসদ সদস্য ইকবাল হোসেনের (অপু) চাপে শিক্ষকেরা থানা থেকে ওই অভিযোগ উঠিয়ে নেন। ওই ঘটনায় সোহাগের কোনো বিচার হয়নি।

মামলার বাদী শাহজালাল বলেন, ‘২০২১ সালের বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় মিছিলে অতর্কিত হামলা চালিয়ে আমাদের নেতা ও কর্মীদের বেশ কয়েকজনকে গুরুতর আহত করেছিল আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। ওই সময় ভয়ে তাদের বিরুদ্ধে আমরা মামলা বা আইনগত পদক্ষেপ নিতে পারিনি। এখন পরিবেশ অনুকূলে থাকায় ওই ন্যক্কারজনক হামলার ঘটনায় মামলা করেছি। ওই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, গণ অধিকার পরিষদের এক নেতার মামলায় এজাহারভুক্ত আসামি সোহাগ ব্যাপারীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।