
শরীয়তপুরের মনোহরবাজার থেকে ইব্রাহিমপুর আলুরবাজার ফেরিঘাট পর্যন্ত মহাসড়কের উন্নয়ন প্রকল্পের অধিগ্রহণকৃত জমির ১০% কর্তন বিহীন বিল পাওয়ার দাবিতে মানববন্ধন করেছেন জমির মালিকরা। বুধবার বেলা ১১টায় মনোহরবাজার থেকে ইব্রাহিমপুর আলুরবাজার ফেরিঘাট পর্যন্ত মহাসড়কের রুদ্রকর ইউনিয়নের অধিগ্রহণকৃত জমির মালিকরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন পালন করেছেন। মানববন্ধনে বক্তব্য দেন-মিলন সরদার, রুদ্রকর ইউনিয়ন বিএনপির সম্পাদক মোক্তার হোসেন তালুকদার, খলিল শেক, শাহ নেওয়াজ। জমির মালিকদের পাওনা টাকা গাছ বাবদ ১০% কর্তন না করে পুরো টাকা ক্ষতিগ্রস্তদের দিতে হবে অন্যথায় তারা আরও বড় কর্মসূচি দেবে বলে জানান। মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন।
এ ব্যাপারে শরীয়তপুর অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদুল আলম বলেন, সড়ক বিভাগ ১০% কর্তন করে টাকা পরিশোধের চিঠি দিয়েছে। আর জমির মালিকরা ১০% কর্তন চায় না মর্মে জানিয়েছেন। তাই টাকা পরিশোধ করা সম্ভব হয়নি। আমরা টাকা দিতে প্রস্তুত আছি। তবে উভয়পক্ষের দাবির বিষয়টি মন্ত্রণালয়কে জানানো হয়েছে। সিদ্ধান্ত এলেই ব্যবস্থা নেওয়া হবে।