
অমর একুশে বইমেলায় সাপ্তাহিক ছুটির দিনে যে ভিড় হবে তা প্রত্যাশিতই ছিল; সকাল থেকে মেলা শুরু হলেও দর্শনার্থী, বইপ্রেমীদের ভিড় জমে মূলত বিকালে।
যদিও শুক্রবার মেলায় লেখক-সাহিত্যিকদের উপস্থিতি তেমন দেখা যায়নি, লিটলম্যাগ চত্বরে তাদের আড্ডাও চোখে পড়েনি। সেইসঙ্গে সিসিমপুরের ইকরি, হালুম, টুকটুকিরা না থাকায় জমে ওঠেনি শিশুচত্বর।
এদিন বেলা ১১টা থেকে মেলা শুরু হয়, দুপুর ১টা পর্যন্ত ছিল শিশুপ্রহর। এ সময়টিতে অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে আসেন মেলায়। বিভিন্ন স্টল ঘুরে ছোটদের বই দেখেন। তবে শিশুচত্বরে এবার সিসিমপুর মঞ্চে এবার ইকরি, হালুম, টুকটুকিদের পরিবেশনা না থাকায় অনেকে হতাশ হন।
শিশুপ্রহর শেষে বেলা আরেকটু গড়াতেই ভিড় বাড়তে থাকে। হাজারো দর্শনার্থীর আগমনে সন্তোষ প্রকাশ করেন প্রকাশক, বিক্রেতারা।
ঝুমঝুমি প্রকাশনীর বিক্রয় ব্যবস্থাপক রিফা তামান্না ইসলাম শরীয়তপুর চোখকে বলেন, “প্রথম সপ্তাহে তো বইমেলা কিছুটা ঢিমেতালেই চলে। তবে এবার মেলার প্রথম শুক্রবার তো অনেক লোক এসেছে। সামনের দিনগুলোতে আরো জমবে বলে আশা করছি।”
অন্যপ্রকাশ, প্রথমা, কথাপ্রকাশ, অনন্যা, বাতিঘর, আগামী, ঐতিহ্যসহ ১০টির বেশি প্রকাশনা প্রতিষ্ঠানের স্টলে বিক্রয়কর্মীদের সঙ্গে কথা বললে বিক্রি নিয়ে তারা সন্তোষ প্রকাশ করেন।
অনন্যা প্রকাশনীর মনিরুল হক বলেন, “শুক্রবার ছুটির দিনে ভিড় হওয়াটাই কাঙ্ক্ষিত। এবার প্রথম শুক্রবার ভিড় হয়েছে, বিক্রিও ভালো হয়েছে। এই ধারাবাহিকতা সামনের দিনও থাকবে বলে আশা করি।”
বিকাল ৪টায় বাংলা একাডেমি প্রাঙ্গণের ‘চায়না বুল স্টল’ পরিদর্শন করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমও সেখানে ছিলেন।
স্টলটিতে চীন বিষয়ক বিভিন্ন বইয়ের প্রদর্শনীর পাশাপাশি দেখা যায় স্টলের সামনে চা শিল্প, সিংহ নাচ, ক্যালিগ্রাফি, অপেরা মাস্ক পেইন্টিং এবং পেপারকাটের মত ঐতিহ্যবাহী চীনা আচার প্রদর্শন।
বইমেলা পরিচালনা কমিটির জনসংযোগ বিভাগ বলছে, এদিন মেলায় নতুন বই এসেছে ১৮৪টি।