
ঢাকার সাভারের আশুলিয়ায় ‘ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে’ দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে এক কিশোরসহ দুজন আহত হয়েছেন।
রোববার বিকাল সাড়ে ৩টার দিকে আশুলিয়ার জামগড়া চৌরাস্তা সংলগ্ন জামগড়া-বাগবাড়ি আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আশুলিয়া থানার ওসি নূর আলম সিদ্দিক।
গুলিবিদ্ধ কাপ্তান (১৬) হবিগঞ্জ জেলার মো. ডালিমের ছেলে। তিনি জাগড়া চৌরাস্তা এলাকার আলমগীর চৌধুরীর ভাড়া বাড়িতে থেকে একটি দোকানের বিক্রয়কর্মী হিসাবে কাজ করেন।
মাথায় ইটের আঘাতে আহত পথচারী শেখ আবু জাফর (৫০) নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার লোহাগড়া গ্রামের নুর মোহাম্মদ শেখের ছেলে।
আশুলিয়া নারী ও শিশু স্বাস্থ্য হাসপাতালের ব্যবস্থাপক হারুন অর রশিদ বলেন, বিকাল আনুমানিক সাড়ে ৩টার দিকে পিঠে গুলিবিদ্ধ কাপ্তান এবং মাথায় ইটের আঘাতে আহত জাফরকে হাসপাতালে আনা হয়।
প্রাথমিক চিকিৎসা শেষে জাফরকে ছেড়ে দেওয়া হয় এবং গুলিবিদ্ধ কাপ্তানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।