বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়েট: দাবি ‘পুরোপুরি না মানায়’ উপাচার্যসহ ৩ জনকে বর্জনের ঘোষণা

 

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের দাবি ‘পুরোপুরি মেনে না নেওয়ায়’ উপাচার্যকে বর্জনের ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

পাশাপাশি সহ-উপাচার্য ও ছাত্রকল্যাণ পরিচালককেও বর্জনের ঘোষণাও দেন তারা।

বুধবার বিকাল সোয়া ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে এ ঘোষণা দেন আন্দোলনরতরা।

এ বিষয়ে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি পাঠাবেন বলে তারা জানান।

সমাবেশে শিক্ষার্থীদের মধ্যে যারা বক্তব্য দিয়েছেন, তারা কেউ নিজেদের নাম ও ব্যাচ বলেননি।

শিক্ষার্থীরা বলেন, তারা এখন অভিভাবকশূন্য অবস্থায় আছেন। তাদের কোনো ভিসি, প্রো-ভিসি ও ছাত্রকল্যাণ পরিচালক নেই। অভিভাবকশূন্য ক্যাম্পাসে তারা হলেই অবস্থান করবেন।

এর আগে সকাল ৯টা থেকে উপাচার্যের পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের বাইরে অবস্থান করেন শিক্ষার্থীরা।

ওই চিকিৎসাকেন্দ্রের দোতলায় চিকিৎসাধীন ছিলেন উপাচার্য মুহাম্মদ মাছুদ।

মঙ্গলবার রাতে কিছুটা অসুস্থ হয়ে পড়ায় তিনি সেখানে ছিলেন বলে জানান, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা ডিভিশনের পাবলিক রিলেশন অফিসার (অতিরিক্ত দায়িত্ব) শাহাদুজ্জামান শেখ।