বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গোসাইরহাটে ভূমিহীনের জমি প্রভাবশালীদের দখলে

 

গোসাইরহাটে ভূমিহীনদের জোরপূর্বক উচ্ছেদ করে ৫০ কোটি টাকার সরকারি খাসজমি দখল করে নিয়েছে স্থানীয় প্রভাবশালীরা। উপজেলার দাসেরজঙ্গল এলাকার ভূমিহীন নার্গিস ও তার পরিবার ভূমিদস্যুদের কবলে পড়ে সর্বস্বান্ত হয়ে এখন বাড়িছাড়া। ভূমিদস্যুরা ভূমিহীন নার্গিসের পরিবারকে ভিটেবাড়ি থেকে জোরপূর্বক উচ্ছেদ করেছে। তিনি স্বামী সন্তান নিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন। বিবদমান ভূমি নিয়ে প্রভাবশালী ভূমিদস্যুরা ভূমিহীন পরিবারের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে হয়রানি করছে। এখন তারা নালিশি জমিতে স্থাপনা করার পাঁয়তারা করছে। ভূমিহীনরা দুর্বল বিধায় কোথাও কোনো সহযোগিতা না পেয়ে আদালতের বারান্দায় ঘুরছেন। তারা আইন প্রয়োগকারী সংস্থার কাছে ন্যায়বিচার প্রার্থনা করছেন। সরেজমিন গেলে ভুক্তভোগী পরিবার জানায়, উপজেলার ৭০নং মহিষকান্দি ও মিত্রসেনপট্টি মৌজার ১নং খাস খতিয়ানের ২৩নং দাগের ৮০ শতাংশ এবং ৩৬৫নং দাগের ১২ শতাংশ ভূমি আরএস ৫২৪ ও ৩৯৪নং খতিয়ানের এ জমির মূল মালিক ছিলেন মিত্রসেনপট্টির দেবেন্দ মোহন মণ্ডল ও মহেন্দ চন্দ মণ্ডল। ওই জমি নদীভাঙনে বিলীন হওয়ার পর তারা আর কোনো খোঁজখবর রাখেননি। পরবর্তীতে দেবেন্দ মোহন মণ্ডল মৃত্যুবরণ করেন। তার দীনেশ মণ্ডল ও কৃষ্ণ মণ্ডল নামে দুই ছেলে এবং বাসনা ও কমলা রানী নামে দুই মেয়ে রয়েছে। মহেন্দ চন্দ মণ্ডলও হৃদয় মণ্ডল, পবিত্র মণ্ডল ও মনু মণ্ডল নামে তিন ছেলে ও ভাষানী রানী নামে এক মেয়ে রেখে মারা যান।

বলা বাহুল্য, হিন্দু আইনে মেয়েরা বাবার সম্পত্তির কোনো মালিক নন বিধায় মেয়েদের নামে কোনো জমি রেকর্ড হয়নি। তাছাড়া এসব সন্তানের মধ্যে কমলা রানী ২০০৫ ও কালিকৃষ্ণ ২০০৬ সালে মারা যান। জীবিত অবস্থায় তারা কখনো এ সম্পত্তির খাজনাদি পরিশোধও করেননি। পরবর্তীতে এ জমিতে চর জেগে ওঠার পর রেকর্ডীয় কোনো মালিক বেঁচে না থাকায় সরকার এ সম্পত্তি ১নং খাস খতিয়ানভুক্ত করে নেয়। ফলে দাসেরজঙ্গল মৌজার ভূমিহীন জসিম ডাকুয়া ও তার স্ত্রী রাশিদা বেগমের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের নামে সরকার ৯৯ বছরের জন্য জমি বন্দোবস্ত দেয়। ১৯৯৭ সালের ৩১ আগস্ট ১৪০৮নং কবুলিয়ত মূলে মো. জসিম উদ্দিন ডাকুয়া ও রাশিদা বেগম ওই জমির মালিক বনে। ওই জমি কিছু দিন ভোগদখল করার পর জসিম ডাকুয়া প্যারালাইসিসে গুরুতর অসুস্থ হয়ে পড়লে টাকার প্রয়োজনে ২০০৫ সালের ১৬ আগস্ট এসএ ২৩নং দাগের ৪০ শতাংশ জমি পজেশন হস্তান্তরনামা দলিলমূলে দাসেরজঙ্গল মৌজার মুনসুর আলী খলিফা ও নার্গিস বেগমের কাছে স্ট্যাম্পের মাধ্যমে তার নামের জমিটুকু লিখে দেন। পরবর্তীতে রাশিদা বেগম ২০১৬ সালের ৮ জুন একই দাগের ৪০ শতাংশ জমি একইভাবে নার্গিস বেগমকে লিখে দেন। সেই থেকে মুনসুর খলিফা ও নার্গিস বেগম পরিবার ওই ভূমিতে ঘর উত্তোলন ও গাছপালা রোপণ করে ভোগদখল করে আছেন। ইতোমধ্যে বিআরএস জরিপের পূর্বে ২০১১ সালের ১৯ জানুয়ারি জসিম ডাকুয়া মৃত্যুবরণ করেন। ফলে ও জমি জসিম ডাকুয়া ও রাশিদা বেগমের নামে বিআরএস জরিপে লিপিবদ্ধ হলেও নার্গিস ও মুনসুর আলী খলিফকে রেজিস্ট্রি করে নিতে পারেননি। এদিকে শাহজাহান দেওয়ানগং ১৪ জন ভূমিদস্যু ২০১১ সালে কমলা রানীর নামে ২৮৯৫ ও ২৯৫২নং দুটি জাল দলিল তৈরি করে কবলামূলে মালিক দাবি করে ভূমিহীন মুনসুর আলী খলিফা ও নার্গিস বেগমকে ওই বাড়ি থেকে উৎখাত করে তাদের ঘরদরজা ভেঙে নিয়ে জমি থেকে বিতাড়িত করে দেয়। এ ব্যাপারে নার্গিস বেগম বলেন, আমি একজন ভূমিহীন। জসিম ডাকুয়া ও তার স্ত্রীর কাছ থেকে আমি ও আমার স্বামী মুনসুর খলিফার নামে পজেশন ক্রয় করে নালিশি জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করছি। শাহজাহান দেওয়ান ও তার পরিবারের লোকজনসহ দুজন ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার আত্মীয়-স্বজনের নামে ভুয়া ও জালদলিল করে ওই জমি থেকে জোরপূর্বক আমাদের উৎখাত করে দিয়েছে। এ বিষয় দেওয়ান মো. শাহজাহান বলেন, আমরা কমলা রানীর থেকে জমি ক্রয় করে মালিক হয়েছি। এ বিষয়টি আদালতে মামলা প্রক্রিয়াধীন। কমলা রানী মালিক কিনা তা আদালত বুঝবে। তাছাড়া প্রতিপক্ষের লোকজনের কোনো কাগজপত্র নেই।