বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে মহাসড়কের কাজে ধীরগতি, বাড়ছে ভোগান্তি

 

শরীয়তপুর-ঢাকা মহাসড়কের (শরীয়তপুর সদর থেকে জাজিরা নাওডোবা পর্যন্ত) কাজ চলছে ঢিলেঢালাভাবে। জাজিরার নাউডোবা পদ্মা সেতু সংযোগ সড়কের জমি পুরাপুরি অধিগ্রহণ না হওয়ায় কাজ আটকে আছে। ফলে দিন দিন সড়কে ভোগান্তি বাড়ছে। জানা গেছে, ২০১৯ সালে শরীয়তপুর সদর থেকে জাজিরা নাওডোবায় পদ্মা সেতুর দক্ষিণপ্রান্ত পর্যন্ত ২৭ কিলোমিটার সড়কের কাজ একনেক বৈঠকে অনুমোদন হয়। পরে ২০২১ সালে সড়ক ও জনপদ বিভাগ এ কাজের দরপত্র আহ্বান করে। তিনটি প্যাকেজে সড়কটির কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জামিল ইকবাল, মেসার্স সালেহ আহম্মেদ ও মীর হাবিবুল আলম জেবি মাহবুব ব্রাদার্স। এর মধ্যে শরীয়তপুর সদর থেকে জাজিরা কলেজ মোড় পর্যন্ত ১৩ কিলোমিটারের ১ নম্বর প্যাকেজের দায়িত্ব পায় মেসার্স সালেহ আহম্মেদ, জাজিরা কলেজ মোড় থেকে নাওডোবা পর্যন্ত ১৪ কিলোমিটারের ৩ নম্বর প্যাকেজের দায়িত্ব পায় জেবি মাহবুব ব্রাদার্স। এ ছাড়া কৃতিনাশা নদীর ওপর কোটাপাড়া ব্রিজ এবং জাজিরার কাজিরহাট ব্রিজ নিয়ে দুই নম্বর প্যাকেজের দায়িত্ব পায় মেসার্স জামিল ইকবাল। ১ নম্বর ও ৩ নম্বর প্যাকেজে সড়কের জন্য ৩৭০ কোটি ৩ হাজার ৩১৬ টাকা এবং সেতু দুটির জন্য ৫৭ কোটি ৯৩ লাখ ৪৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। ২০২১ সালের শেষের দিকে কাজ শুরু হয়। ২০২৪ সালে শেষ করার কথা থাকলেও দুদফা মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের জুন পর্যন্ত করা হয়। বর্তমানে ১ নম্বর প্যাকেজে ৭৫ শতাংশ এবং ২ নম্বর প্যাকেজে ৬৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে জেলা সড়ক বিভাগ। শরীয়তপুর সদর থেকে জাজিরা নাওডোবায় পদ্মা সেতুর দক্ষিণপ্রান্ত পর্যন্ত ২৭ কিমি সড়ক ৫ বছরেও জমি অধিগ্রহণ জটিলতায় কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। পাশাপাশি ঠিকাদারি প্রতিষ্ঠানেরও কাজে ব্যাপক গাফিলতি রয়েছে। এ সড়কের ১৮ কিলোমিটার অধিগ্রহণের কাজ শেষ হলেও এখন বাকি ৯ কিলোমিটার রাস্তার জায়গা অধিগ্রহণের কাজ। এ সড়কে কীর্তি নাশা নদীর ওপর কোটাপাড়া ব্রিজ ও কাজিরহাট শাখা নদীর ওপর বিদ্যমান ব্রিজের কাজও ৫ বছর ধরে চলমান। শরীয়তপুর সুপার সার্ভিসের বাসচালক নুর হোসেন বলেন, শরীয়তপুর জেলাবাসীর প্রাণের দাবি জরুরি ভিত্তিতে রাস্তাটি সংস্কার করে যানবাহন চলাচলের উপযোগী করে তোলা হোক। প্রায়ই আমাদের এ রাস্তায় বড় দুর্ঘটনা ঘটছে। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেন বলেন, জমি অধিগ্রহণসহ নানা জটিলতার কারণে কাজে বিলম্ব হয়েছে। ফলে রাস্তা একটা অংশ খারাপ হয়ে গেছে। ঈদের আগেই রাস্তা দুটিতে যানবাহন চলাচলের উপযোগী করার চেষ্টা চলছে।