বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বিগুণ বাস ভাড়া আদায়, শরীয়তপুরে মালিকদের পুঁজি ঈদ যাত্রা

 

ঈদযাত্রাকে কেন্দ্র করে শরীয়তপুরের যাত্রীদের গণপরিবহণে গুনতে হচ্ছে দ্বিগুণেরও বেশি ভাড়া। প্রতিবছরই ঢাকা শরীয়তপুর রুটে সম্পূর্ণ বেআইনিভাবে বেড়ে যায় এসব বাসের ভাড়া, বিভিন্ন রকম অজুহাতে বাড়ানো হয় এই ভাড়া। এ বছরও ঈদ বকশিশ কিংবা ফিরতি ট্রিপে যাত্রী সংকট দেখিয়ে নেওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া। ভাড়া নিয়ে কথা বললে লাঞ্ছিত হতে হয় যাত্রীদের।
এদিকে পরিবারের সঙ্গে ঈদ কাটাতে দ্বিগুণ অর্থ দিয়েই টিকিট কাটতে বাধ্য হচ্ছে এই অঞ্চলের ঘরমুখো হাজার হাজার মানুষ।

সরেজমিন দেখা যায়, ২০ রমজান থেকেই শরীয়তপুর-ঢাকা, শরীয়তপুর-বেনাপোল, শরীয়তপুর-মাদারীপুর, শরীয়তপুর-চাদপুর, শরীয়তপুর-চট্টগ্রামসহ বিভিন্ন রুটের বাসগুলোতে সুযোগ বুঝে হাতিয়ে নেওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া। এক সপ্তাহ আগে থেকেই বাস ভাড়া বেশি নেওয়ার অভিযোগ উঠে। ঈদ যতই ঘনিয়ে আসছে বাস ভাড়া ততই বৃদ্ধি পায়। রাত নামলে এর মাত্রা ছাড়িয়ে যায় কয়েকগুণ। ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহারেরও অভিযোগ রয়েছে।

শুক্রবার শরীয়তপুর থেকে ঢাকা ভাড়া ২৫০ টাকা, তার স্থলে নেওয়া হচ্ছে শরীয়তপুর সুপার সার্ভিস যাত্রাবাড়ী থেকে জাজিরা পর্যন্ত ভাড়া নিয়েছে ৩০০ টাকা এবং শরীয়তপুর পর্যন্ত ৪৫০ টাকা। যেখানে অতিরিক্ত নিয়েছে ২০০ টাকা। এছাড়া শরীয়তপুর পরিবহণ, পদ্মা ট্রাভেলস ও ফেম পরিবহণ, শরীয়তপুর-কীর্তিনাশা পরিবহণ ভাড়া ছিল ৪০০-৫০০ টাকা পর্যন্ত, যা এই রুটের নিয়মিত ভাড়া থেকে কিছু ক্ষেত্রে দ্বিগুণেরও বেশি।

ঢাকা থেকে শরীয়তপুর পরিবহণে উঠেছিলেন আবদুর রাজ্জাক মোল্ল্যা। তিনি জানান, যাত্রাবাড়ী থেকে বাসে উঠলেও তার থেকে ৪৫০ টাকা ভাড়া নিয়ে তাকে টিকিট দেওয়া হয়েছে ২৫০ টাকার।

একইদিন যাত্রাবাড়ী থেকে জাজিরার উদ্দেশ্যে বাসে ওঠেন মিজানুর রহমান নামের আরেক যাত্রী। তিনি জানান, নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে তার থেকে। শরীয়তপুর সুপার সার্ভিস যাত্রাবাড়ী থেকে জাজিরা পর্যন্ত তাকে ভাড়া দিতে হয়েছে ৪০০ টাকা।

জানা যায়, ঢাকা থেকে কাজিরহাট/জাজিরা পর্যন্ত ভাড়া ২০০ টাকা আর শরীয়তপুর সদর পর্যন্ত বিআরটিএর নির্ধারিত ভাড়া ২৫০ টাকা কিন্ত গত বুধবার সকাল থেকে ঢাকা শরীয়তপুরমুখী ভাড়া ছিল সর্বনিম্ন প্রায় ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৬০০ টাকা পর্যন্ত। জাজিরা লাউখোলার বাসিন্দা গার্মেন্টস শ্রমিক মনিরুজ্জামান খানের সঙ্গে কথা হলে তিনি জানান, সারা বছরে এই একবার বাড়ি আসি ছুটিতে। এই ঈদে পরিবারের সদস্যদের জন্য কেনাকাটা যাতায়াত খরচ সব মিলিয়ে একটা চাপ যায় আমাদের মতো নিম্নআয়ের মানুষের। এর মধ্যে বাসের ২৫০ টাকার ভাড়া ৫০০ নেওয়া হয়। এইটা আমাদের জন্য জুলুম হয়ে যায়। ঈদের মতো পবিত্র উৎসবকে পুঁজি করে ব্যবসা করা অমানুষদের বিচার আল্লাহ করবে।

শরীয়তপুর সুপার সার্ভিসের এর চালক সোহেল বলেন, ঈদ উপলক্ষ্যে আমরা বুধবার থেকে ঢাকা-শরীয়তপুর ৪০০ টাকা করে নিচ্ছি। তা প্রশাসনের লোকজন সব জানে।

শরীয়তপুর সুপার সার্ভিসের চালক শাওন মুন্সি বলেন, প্রশাসনের অনুমতি সাপেক্ষেই আমরা ভাড়া বাড়িয়ে নিচ্ছি।

শরীয়তপুর বাস মালিক সমিতির সম্পাদক (ভারপ্রাপ্ত) জাকির হোসেন হাওলাদার বলেন, বাস শরীয়তপুর থেকে যাওয়ার সময় খালি যায়, আসার সময় এটা পুষিয়ে নিতে ঈদের আগে ৩ দিন, ঈদের পরে ৫ দিন অতিরিক্ত ভাড়া নেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে শরীয়তপুর বাস মালিক সমিতির সভাপতি ফারুক আহম্মেদ তালুকদারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়ে শরীয়তপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, আরটিসি মিটিংয়ে সিদ্ধান্তের আলোকে ঈদের আগে ৩ দিন, ঈদের পরে ৫ দিন অতিরিক্ত ভাড়ার নেওয়ার সিদ্ধান্ত হয়। এর বেশি কিছু হলে ব্যবস্থা নেওয়া হবে।