
খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, গত উত্তর পুর্বাঞ্চলের বন্যায় আমন ধানের ব্যাপক ক্ষতি হওয়াতে বিদেশ থেকে প্রচুর চাল আমদানি করতে হয়েছে। সে আমদানি প্রকৃয়া এখনো চলমান রয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, খাদ্য মজুদে বর্তমান সরকার সন্তুষজনক অবস্থানে রয়েছে।
আজ শনিবার দুপুরে কিশোরগঞ্জের শতভাগ হাওর অধ্যুশিত উপজেলা অষ্টগ্রামে এক কৃষক সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, খাদ্য নিরাপত্তা নিয়ে কোনো ধরণের শঙ্কা নেই। এবার হাওরসহ সারা দেশে বোরো ধানের বাম্পার ফলন হবে। সবকিছু ঠিক থাকলে খাদ্য উদ্বৃত্ত হবে দেশ। আর কৃষক যেন ফসলের ন্যায্যমূল্য পায়, তা নিশ্চিত করতে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমান সরকার।
এ সময় তিনি আরো বলেন, কৃষক হলো দেশ উন্নয়নের প্রথম সারির সৈনিক। তারা ভালো থাকলে দেশ ভালো থাকবে। মাথার ঘাম পায়ে ফেলে তারা যে ফসল ফলায়, তা দিয়ে আমাদের বিপুল জনগোষ্ঠীর খাদ্য জোগান হয়। তিনি এ সময় হাওরের সেচ সমস্যা, মাছ ধরার অজুহাতে অবৈধভাবে খালবিল শুকিয়ে ফেলার প্রবনতা, সার বীজের প্রাপ্যতা নিশ্চিত করা, ফসল সংরক্ষণ ও এগুলোর ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও উপস্থিত সবাইকে আশ্বস্থ করেন।
জেলা প্রশাসক ফৌজিয়া খানের সভাপতিত্বে কৃষক সমাবেশে হাওরের খালবিল, নদ-নদী শুকিয়ে যাওয়া প্রসঙ্গে উপদেষ্টা বলেন, মেঘনাসহ বড়বড় নদী গুলোও আজ নাব্যতা সঙ্কটে ভুগছে। হাওরের খালবিলগুলো শুকিয়ে যাচ্ছে। খাল খননের মাধ্যমে স্থানীয় খালগুলোতে নাব্যতা আনা সম্ভব। আর বড় নদনদীগুলো খনন করতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, হাওর এলাকায় এখন কৃষকরা কেবল, ধান নয়, ধানের পাশাপাশি ভুট্টা, সবজি, হাঁসমুরগি পালন, মাছচাষসহ নানাবিধ অর্থনৈতিক কর্মকান্ডে জড়িত। কাজেই হাওর বিপুল সম্ভাবনাময় এক জনপদ। সরকার হাওরের যোগাযোগ ব্যবস্থাসহ আর্থসামাজিক উন্নয়নে ব্যাপকভাবে কাজ করছে।
এ সময় উপদেষ্টা আলী ইমাম মজুমদার জিরাতিদের কাছে তাদের সমস্যাগুলো জানতে চান। বেশ কয়েকজন জিরাতি, তাদের সেচ সমস্যা, রাস্তাঘাটের সঙ্কট, খাওয়ার পানির অভাব নিয়ে কথা বলেন। তখন জেলা প্রশাসককে এগুলো দ্রুত সমাধানের নির্দেশ দেন উপদেষ্টা।
সভা শেষে উপদেষ্টা অষ্টগ্রামের ভাতশালা হাওরের বোরো ধানের ক্ষেত ঘুরে দেখেন।
কৃষক সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, অষ্টগ্রামের ইউএনও দিলশাদ জাহান, অষ্টগ্রামের কৃষি অফিসার অভিজিত সরকারসহ অনেকে।