
এসএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিনের পরীক্ষা শেষ হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টায় এ পরীক্ষা শেষ হয়। এদিন ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে সারাদেশে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এদিকে, পরীক্ষা শেষে শিক্ষার্থীদের ‘হাসিমুখে’ রাজধানীর বিভিন্ন পরীক্ষাকেন্দ্র থেকে বের হতে দেখা গেছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে তারা বাংলা প্রথমপত্র পরীক্ষায় যে প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছে, তা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে।
পরীক্ষার্থীরা জানান, প্রশ্নপত্র খুব সহজ হয়েছে। তারা তিন ঘণ্টা সময় পেলেও তার আগেই লেখা শেষ করেছেন অনেকে। প্রত্যাশা অনুযায়ী খাতায় লিখতে পারায় অধিকাংশ পরীক্ষার্থী সন্তুষ্টি প্রকাশ করেছে।
রাজধানীর মতিঝিল বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীরা। এ কেন্দ্র থেকে বের হওয়া তাসনিম জামান নামে এক পরীক্ষার্থী বলেন, প্রস্তুতি বেশ ভালো ছিল। বাংলা প্রথমপত্র পরীক্ষা ভালো হবে, এটার আশা ছিল। যেমন প্রত্যাশা ছিল, তেমনটা লিখতে পেরেছি। বাকিটা ফল প্রকাশের পর দেখা যাবে।