
শরীয়তপুর পৌরসভা প্রথম শ্রেণিতে উন্নীত হলেও সে অনুপাতে সুযোগ-সুবিধা পাচ্ছে না পৌরবাসী। নেই পর্যাপ্ত নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা, অধিকাংশ এলাকায় নেই প্রয়োজনীয় সংখ্যক
সড়কবাতি। এছাড়া চারদিকে ময়লা-আবর্জনার দুর্গন্ধে পৌরবাসীর ত্রাহি অবস্থা বিরাজমান। অনেক জায়গায় সড়কবাতির ল্যাম্পপোস্টগুলোতে জ্বলছে না বাতি। ল্যাম্পপোস্টের বাতিগুলো দীর্ঘদিন
ধরে নষ্ট হয়ে পড়ে থাকলেও কর্তৃপক্ষের এ বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই।

পৌরসভার হিসাব মতে অর্ধেকের বেশি সড়কবাতি নষ্ট হয়ে আছে। সড়কবাতি না থাকায় পৌরবাসীকে বাজারে ও প্রধান সড়কে চলাচল করতে হয় সড়কের পাশের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে স্থাপিত লাইটের আলোতে। সবচেয়ে খারাপ অবস্থা পাড়া-মহল্লার রাস্তাগুলোর। সড়কবাতি না থাকায় পাড়া-মহল্লার অনেক এলাকায় সন্ধ্যা নামলেই ঘুটঘুটে অন্ধকার নেমে আসে। বাসিন্দাদের চলাচলে সমস্যায় পড়তে হচ্ছে। ঘটছে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো ঘটনা। এরপরও এ বিষয়ে নজর নেই পৌর কর্তৃপক্ষের।

পৌরসভার বিভিন্ন এলাকা সরেজমিন ঘুরে দেখা গেছে, অধিকাংশ সড়কেই অনেক দূর পরপর দু’একটা লাইট জ্বলছে। তারপর আবার অন্ধকার। সড়কের পাশে ল্যাম্পপোস্ট থাকলেও সেগুলোর বাতি নষ্ট থাকায় আলো জ্বলছে না। বর্তমানে সড়কগুলোতে যে পরিমাণ সড়কবাতি জ্বলছে, তা প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত। মূল শহর, আবাসিক এলাকাগুলোতে সড়কবাতি কিছুটা দেখা গেলেও বর্ধিত পৌরসভার পাড়া ও মহল্লার অধিকাংশ সড়কে সড়কবাতি নেই।

পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উত্তর বালুচড়া এলাকার বাসিন্দা বাদল খান ও নাইম শেখ বলেন, তাঁদের এলাকায় ছয়-সাত বছর আগে সড়কের পাশে কিছু দূর পরপর কিছু ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়। ল্যাম্পপোস্টে বাতি লাগানোর এক-দেড় বছরের মাথায় প্রায় সব বাতি নষ্ট হয়ে গেছে। সড়কবাতি না থাকায় সন্ধ্যার পর আতঙ্ক নিয়ে চলাচল করতে হয় পৌরবাসীকে। অথচ প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে শহরের অন্য বাসিন্দাদের মতো তাঁদেরকেও কর দিতে হচ্ছে।
পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কিশোর কোতোয়াল ও লিটন কুমার বলেন, এক বছরের বেশি সময় ধরে তাঁদের মহল্লার গলি- রাস্তাগুলোয় সড়কবাতি জ্বলে না। সন্ধ্যা নামলেই ঘুটঘুটে অন্ধকার নেমে আসে। সড়কবাতি না থাকার কারণে এলাকায় চুরি- ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। বটতলা মোড়ে ফল বিক্রেতা আনোয়ার বলেন, দোকানপাট বন্ধ হয়ে গেলে পুরো এলাকা অন্ধকার হয়ে যায়। কিছু কিছু দোকানদার নিরাপত্তার জন্য দোকানের সামন আলো জ্বালিয়ে রেখে যান।

শরীয়তপুর পৌরসভার চৌরঙ্গীর মোড়, বটতলা, ডাক অফিস রোড, নিরালা আবাসিক এলাকায় প্রায় দুই হাজার বাণিজ্যিক প্রতিষ্ঠান আছে। পথচারীদের চলাচলে গভীর রাত পর্যন্ত এসব এলাকা সরগরম থাকে।
এসব স্থানের বাজার এলাকা ঘুরে দেখা যায়, বাজার এলাকার অধিকাংশ সড়কেই বাতি জ্বলে না। পথ চারীদের চলাচল হচ্ছে সড়কের পাশের বাণিজ্যিক প্রতিষ্ঠানের আলোতে।

পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. এনামুল হক বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে কিংবা শর্টসার্কিট বা ট্রান্সফরমারে বিস্ফোরণঘটলে অনেক সময় বাতি নষ্ট হয়ে যায়। আবার অনেক সময় বাতিগুলো
ইট ছুঁড়ে নষ্ট করে দেওয়া হয়, চুরি করে নিয়ে যায়। লাইটপোস্টে বাতি নষ্ট হয়ে গেলে সেগুলো সংস্কার করা একটি ধারাবাহিক প্রক্রিয়া।

পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক পিংকি সাহা বলেন, শুধু সড়কবাতি নয়, পৌরসভায় অনেক ধরনের সমস্যাই রয়েছে। পৌরসভায় নতুন ২০০টি
স্ট্রিট লাইট বসানোর কাজ চলমান রয়েছে। প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই পৌরসভার ফুটপাত দখলমুক্ত করাসহ বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। পৌরসভার বাজেট অনুযায়ী কাজ করার চেষ্টা করা হচ্ছে।