
শরীয়তপুরে সদ্য ঘোষিত জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে টায়ার জ্বালিয়ে ঢাকা-শরীয়তপুর সড়ক অবরোধ বিক্ষোভ করেছে একাংশের নেতাকর্মীরা।
বুধবার (৪ জুন) দুপুরে শরীয়তপুর সরকারি কলেজের সামনে তারা এ বিক্ষোভ করেন। এতে প্রায় এক ঘণ্টা যানচলাচল বন্ধ হয়ে সড়কে যানজট দেখা দেয়। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

বিক্ষোভকারীরা জানায়, সদ্য ঘোষিত জেলা ছাত্রদলের কমিটি অছাত্র ও বিবাহিতদের সমন্বয়ে গঠিত হয়েছে। কমিটির আহ্বায়ক একজন শ্রমিক নেতা ও দুই সন্তানের জনক, যা গঠনতন্ত্র পরিপন্থি। দ্রুত কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার আহ্বান তাদের। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ার দেন বিক্ষোভকারীরা।

স্থানীয় ছাত্রদল ও পুলিশ সূত্র জানায়, শরীয়তপুরে দীর্ঘ ৩ বছর পর জেলায় ছাত্রদলের ৩৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়। এতে এইচ এম জাকির হোসেনকে আহ্বায়ক ও সোহেল তালুকদারকে সদস্যসচিব করা হয়।
কমিটি ঘোষণার পর থেকে একটি পক্ষ সেটি বাতিলের দাবি জানায়। মঙ্গলবার বিকেলে ঘোষিত কমিটির একটি পক্ষ সাধুবাদ জানিয়ে বিজয় মিছিল বের করে। অপরদিকে আরেকটি পক্ষ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল দুটির একটি পালং থানার সামনের গেটের সড়ক ও আরেকটি মিছিল পেছনের গেটের সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি পক্ষ আরেকটি পক্ষের ওপর হামলা চালায়। এসময় হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটলে অন্তত পাঁচজন আহত হন। পরে তারা সরকারি ও বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।