বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রামুতে মা-শিশুসহ চারজন নিহত অটোরিকশাকে এক কিলোমিটার ঠেলে নিয়ে গেল ট্রেন

 

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত।

কক্সবাজারের রামু উপজেলায় ট্রেনের ধাক্কায় অটোরিকশা আরোহী মা ও শিশুসন্তানসহ চারজন নিহত হয়েছেন। শনিবার দুপুর ২টার দিকে উপজেলার রশিদনগর পানিরছড়া-ভারুয়াখালী এলাকায় রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। অটোরিকশাটিকে ট্রেনটি প্রায় এক কিলোমিটার ঠেলে নিয়ে যায়। এ ঘটনায় জনতা বিক্ষোভ করে এবং ধলিরছড়া এলাকায় অন্য একটি ট্রেন আটকে দেন। এতে হাজারখানেক যাত্রী দুর্ভোগের শিকার হন।

কক্সবাজার থেকে চট্টগ্রামগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ দ্রুত ক্রসিং পার হওয়ার সময় যাত্রীবাহী অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি ট্রেনের নিচে চাপা পড়ে। এরপর এটিকে প্রায় এক কিলোমিটার ঠেলে নিয়ে যায় ট্রেনটি। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। যাত্রীদের শরীর ছিন্নভিন্ন হয়ে রেললাইনের পাশে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় নিহতরা হলেন-ঈদগাঁও উপজেলার কালিরছড়া এলাকার হাফেজ জান্নাত উল্লাহর স্ত্রী আসমাউল হুসনা মর্জিনা ও তার ১৩ মাসের সন্তান আতাউল্লাহ, একই এলাকার অটোচালক শাহাব উদ্দিন ও রামুর ভারুয়াখালী এলাকার রেনু আক্তার।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ। দুর্ঘটনার পরই বিক্ষুব্ধ জনতা চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ‘সৈকত এক্সপ্রেস’ রশিদনগরে থামিয়ে বিক্ষোভ করেন। রেললাইনের সামনে গাছ ফেলে তারা অবরোধ করেন। ফলে ঢাকা-কক্সবাজার ও চট্টগ্রাম-কক্সবাজার রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী জহির উদ্দিন ও মো. কামাল জানান, হঠাৎ ট্রেন চলে আসায় অটোরিকশা চালকের কিছুই করার ছিল না। এক ধাক্কায় অটোরিকশাটি উলটে ট্রেনের নিচে চলে যায়। এরপর সেটিকে এক কিলোমিটার ঠেলে নিয়ে যায় ট্রেনটি। স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার পর নিহতদের দেহাবশেষ সংগ্রহের সুযোগ না দিয়েই ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ঘটনাস্থল অতিক্রম করে। এ কারণে বিক্ষুব্ধ জনতা ধলিরছড়া এলাকায় ট্রেনটি আটকে দেন। এতে প্রায় এক হাজার যাত্রী দীর্ঘ সময় ধরে আটকা পড়েন।

ইসলামাবাদ রেলস্টেশনের সহকারী মাস্টার মোহাম্মদ কায়ুম বলেন, ঘটনাস্থলে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। রামু থানার ওসি তৈয়বুর রহমান বলেন, ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি ছিটকে গিয়ে ঘটনাস্থলে চারজন নিহত হয়েছেন। লাশগুলোর টুকরো সংগ্রহ করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দিন চৌধুরী জানান, লাশ উদ্ধার শেষে রেলপথ খালি করার কাজ চলছে। উত্তেজিত জনতাকে সরিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক করতে যৌথ বাহিনী কাজ করছে।