বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নড়িয়ার পদ্মায় অবাধে বালু উত্তোলন

 

শরীয়তপুরের নড়িয়া উপজেলাধীন পদ্মা নদীর তলদেশে থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে প্রভাবশালীরা।

নড়িয়া উপজেলাধীন পদ্মা নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বলে অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে গিয়ে ৪০-৫০টি বালু কাটার মেশিং দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করতে দেখা যায়। উপজেলা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অনেকেই পালিয়ে যায়। অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে দুজনকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানকালে একটি কাটার মেশিন, একটি বালু বোঝাইকৃত বাল্কহেড জব্দ করা হয়। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম আসায় ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য নির্দেশ প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে এই অভিযান পরিচালনা করেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো, আবদুল কাইয়ুম খান।

জানা যায়, উপজেলার চরআত্রা ইউনিয়নের সীমান্তবর্তী পদ্মা নদীতে পানি উন্নয়ন বোর্ড স্তূপকৃত বালুর স্তূপ অপসারণের জন্য ইজারা দেয়। সেই ইজারা পান তাসিন তাহান কনস্ট্রাকশন, যার মালিক নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহম্মেদ রয়েল। ইজারা শর্ত ভঙ্গ করে ইজারাকৃত স্থানে বালু না কেটে পদ্মা নদীর তলদেশ থেকে অবৈধভাবে ৪০-৫০টি কাটিং ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোল করা হচ্ছে। এতে ভাঙনকবলিত হয়ে পড়বে নড়িয়াবাসী। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ইমারত হোসেন ও আইয়ুব আলীর বিরুদ্ধে।

স্থানীয় আতাউর রহমান জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছেন নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহম্মেদ রয়েল। প্রশাসন মাঝে মধ্যে অভিযান চালালেও তারা থামছেন না।

নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহম্মেদ রয়েল বলেন, আমরা বলে দিয়েছি যে, চরের বাইরে (বালুর স্তূপ) কোথায়ও একেবারে কাটা যাবে না। যেখানে কাটছে সেটা তালিকাভুক্ত নয়।