বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমার নদে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া

 

ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া দিতে দেখা গেছে। ট্রলার বোর্ডে সাউন্ড বক্সে গানের তালে তালে নানা অঙ্গ ভঙ্গিতে অস্ত্রের মহড়া দেন কিশোর গ্যাংয়ের সদস্যরা। তাদের বেপরোয়া আচরণ সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর)  সকাল থেকে এ ঘটনার বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ছড়িয়ে পড়ে।

এর আগে বুধবার বিকালে কুমার নদে কিশোর গ্যাংয়ের সদস্যরা অস্ত্রের মহড়ার সংবাদ পেয়ে পুলিশ নদীতে গিয়ে তাদের আটকের চেষ্টা করে। পুলিশের অভিযানে অনেকে পালিয়ে গেলেও এবং অনেককে নদীতে ঝাঁপিয়ে পড়তে দেখা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গায় কুমার নদে নৌকাবাইচ হওয়ার কথা ছিল; কিন্তু কোনো নৌকাবাইচ অনুষ্ঠিত হয়নি। তবে কিশোর গ্যাংয়ের সদস্যরা ট্রলারে সাউন্ড বক্সে গান বাজিয়ে নাচ-গানের তালে তালে দেশীয় অস্ত্রের মহড়া দিতে দেখা যায়। এছাড়া স্পিডবোটে চাইনিজ কুড়াল নিয়ে তারা প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেয়। এ সময় কয়েকটি ট্রলার ও ১০টি স্পিডবোটে এ দৃশ্য দেখা যায়।

স্থানীয় বাসিন্দা জাহিদ শিকদার বলেন, কুমার নদে নৌকাবাইচের কথা থাকলেও কোনো নৌকাবাইচ অনুষ্ঠিত হয়নি। তবে ট্রলার ও স্পিডবোটে চড়ে নাচ-গান ও নানা অঙ্গ-ভঙ্গিতে কিশোর গ্যাংয়ের অস্ত্র হাতে মহড়া দিতে দেখা যায়। এ ঘটনা দেখে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়। পুলিশ তাদের আটকের চেষ্টা করলে তারা নদীতে লাফিয়ে ও নদীতে ঝাঁপিয়ে পালিয়ে যায়।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. আশরাফ হোসেন বলেন, বিষয়টি জানতে পেরে তাদের আটকের চেষ্টা করা হয়; কিন্তু কাউকে আটক করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, তারা ভাঙ্গা এলাকাসহ পার্শ্ববর্তী রাজৈর, শিবচর থেকে ট্রলার, স্পিডবোট ভাড়া করে এখানে এসেছে। বিষয়টি শিবচর ও রাজৈর থানায় জানানো হয়েছে। তাদের আটকের চেষ্টা করা হচ্ছে।