
শরীয়তপুর সদর উপজেলায় শিশু নিবিড় খান হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত; একই সঙ্গে অপর এক আসামিকে ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুর ১টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান আসামিদের উপস্থিতিতে এ আদেশ দিয়েছেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী কামরুল হাসান জানান।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- উপজেলার খিলগাঁও এলাকার সিয়াম সরদার ও সাকিল গাজী।
অপর আসামি কিশোর বিধায় তাকে তিনটি ধারায় আলাদাভাবে পাঁচ বছর, ছয় বছর ও ১০ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার বরাতে আইনজীবী বলেন, ২০২৩ সালের ৩১ জুলাই বিকালে সদর উপজেলার খিলগাঁও গ্রামের মনির খানের ছেলে শিশুকানন কিন্ডারগার্টেন স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র নিবিড় খানকে (১১) অপহরণ করা হয়। অপহরণকারীরা শিশুর পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
মুক্তিপণ না পেয়ে শিশুটিকে শ্বাসরোধে হত্যার পর আলী হোসেন কাজির বাড়ির পিছনে ইটভাটার কাছে গর্ত করে বালুচাপা দেওয়া হয়।
পর দিন শিশুটির দাদা মমিন আলী খাঁ বাদী হয়ে পালং মডেল থানায় হত্যা মামলা করেন। পরে তিন আসামিকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্য মতে, মরদেহ উদ্ধার করা হয়।
আইনজীবী বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
শিশুটির মা নিপা আক্তার রায়ের প্রতিক্রিয়ায় বলেন, “এ রায়ে আমি খুশি হয়েছি। তবে দ্রুত সময়ের মধ্যে রায় কার্যকর করার দাবি জানাচ্ছি।”
রাষ্ট্রপক্ষের আইনজীবী কামরুল হাসান বলেন, “রায়ে আমরা খুশি হয়েছি। আমরা চাই, দ্রুত রায় কার্যকর হোক। রায় কার্যকর হলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে।”
আসামি পক্ষের আইনজীবী তৌহিদ হোসেন বলেন, “রায়ে আসামিরা ন্যায়বিচার পাননি। রায়ের বিরুদ্ধে আপিল হবে।”