বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে তেলের ঘাটতি: ব্যাহত সেচ, পাম্প ঘেরাও করে কৃষকদের বিক্ষোভ

শরীয়তপুরে জ্বালানি তেলের তীব্র ঘাটতি দেখা দেওয়ায় কৃষি ও মৎস্য চাষে প্রভাব ফেলছে। এ অবস্থায় সদরের একটি পেট্রলপাম্প ঘেরাও করে ক্ষোভ দেখিয়েছেন ক্ষুদ্ধ কৃষকরা।

শনিবার রাত ৯টার দিকে দেড় শতাধিক কৃষক শরীয়তপুর-মাদারীপুর সড়কের মনোহর বাজার এলাকায় ‘হাজী আবদুল জলিল ফিলিং স্টেশনে’র সামনে বিক্ষোভ দেখান বলে ওই পাম্পের মালিক মোহাম্মদ জাহাঙ্গীর সরদার জানিয়েছেন।

খবর পেয়ে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাফিজ এলাহী ও পালং মডেল থানার পুলিশ সেখানে যান। পরে তাদের হস্তক্ষেপে প্রত্যেক কৃষককে পাঁচ লিটার করে ডিজেল দেওয়া হয়। এরপর রাত সাড়ে ৯টার দিকে কৃষকেরা বিক্ষোভ বন্ধ করে পাম্প ছেড়ে চলে যান।

জেলা প্রশাসন ও স্থানীয়রা বলছে, জেলার ছয়টি উপজেলায় মাত্র ছয়টি পেট্রোল পাম্প রয়েছে। প্রতিদিন বিভিন্ন যানবাহনের জন্য এসব পাম্পে ৪০ হাজার লিটার ডিজেল, ১৫ হাজার লিটার পেট্রোল ও ১২ হাজার লিটার অকটেন প্রয়োজন হয়। জেলায় অন্তত ২ লাখ মানুষ কৃষিকাজে যুক্ত। এসব কৃষকের সেচযন্ত্র চালাতে প্রতিদিন ২০ থেকে ২৫ হাজার লিটার ডিজেল প্রয়োজন।

পাশাপাশি জেলায় ৩৩ হাজার জেলে মাছ ধরার কাজে নিয়োজিত এবং তাদের ব্যবহারের জন্য ১২ হাজার ইঞ্জিনচালিত নৌকা রয়েছে। এসব নৌকা চালাতে প্রতিদিন ৩৫ থেকে ৪০ হাজার লিটার ডিজেল প্রয়োজন।

কৃষকরা বলছেন, কয়েকদিন ধরে জেলায় জ্বালানি তেলের সরবরাহ কম থাকায় সমস্যা আরও জটিল হচ্ছে। ঈদের পর টানা তিন দিন পাম্পগুলো বন্ধ ছিল। পাশাপাশি জেলার বিভিন্ন হাটবাজার ও নদীর তীরবর্তী এলাকায় তেল বিক্রেতারা প্রতি লিটার ডিজেল ৫০ থেকে ৭০ টাকা বেশি দামে বিক্রি করছেন।

অনেক স্থানে কৃষক ও জেলেরা তেল পাচ্ছেন না। ফলে সেচযন্ত্র ও কৃষিযন্ত্র চালানো ব্যাহত হচ্ছে, যা ইরি-বোরো আবাদেও বাধা সৃষ্টি করছে।

শরীয়তপুর শহরের আংগারিয়া বাজারের কৃষক নান্টু খা বলছিলেন, মনোহর বাজারের হাজী আবদুল জলিল ফিলিং স্টেশনে টানা চার দিন তেল বিক্রি বন্ধ ছিল। শনিবার বিকালে বিক্রি শুরু হলে সন্ধ্যার পর কৃষকেরা সেখানে তেল নিতে যান। কিন্তু তাদের তেল দেওয়া হচ্ছিল না।

রমিজ বেপারী বলেন, “তেল না পেয়ে কৃষকরা ক্ষুদ্ধ হয়ে ওঠে। এ সময় দুই শতাধিক কৃষক জড়ো হয়ে পাম্পটি ঘেরাও করেন। তারা অন্যান্য যানবাহনে তেল বিক্রি বন্ধ করে দিয়ে বিক্ষোভ শুরু করেন।”

এই সংকের কারণ হিসেবে আবদুল জলিল ফিলিং স্টেশনের মালিক মোহাম্মদ জাহাঙ্গীর সরদার বলেছেন, “বরিশাল ডিপো থেকে চার দিন কোনো তেল সরবরাহ করা হয়নি। তাই পাম্পে তেল বিক্রি বন্ধ রাখতে হয়েছে। শনিবার তেল বিক্রি শুরু পর শত শত যানবাহনের ভিড় লেগে যায়।

“এদিকে জেলা প্রশাসন খোলা পাত্রে তেল বিক্রি নিষিদ্ধ করেছে। তাই কয়েকজন কৃষককে খোলা পাত্রে তেল দেওয়া হচ্ছিল না। তখন তারা পাম্প ঘেরাও করে বিক্ষোভ করেন। পরে তাদের তেল দেওয়া হয়েছে।”

শরীয়তপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাফিজ এলাহী বলেন, “পাম্পে কৃষকেরা বিক্ষোভ করছেন খবর পেয়ে রাতে সেখানে যাই। পরে প্রত্যেককে পাঁচ লিটার করে ডিজেল দেওয়া হয়েছে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।”