বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদাবাজির অভিযোগ শরীয়তপুরে যুবদল নেতাকে দল থেকে বহিষ্কারের প্রতিবাদ

 

শরীয়তপুর পৌরসভা যুবদল সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান ব্যাপারীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এদিকে তাকে বহিষ্কারের প্রতিবাদে তিনি সোমবার সকালে জেলা সদরের ডাকবাংলো মোড়ে অবস্থিত স্থানীয় একটি পত্রিকার কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, ‘সম্প্রতি একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা অপবাদ দিয়ে, মনগড়া ও ভিত্তিহীন কল্পকাহিনী লিখে ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এছাড়া অভিযোগের কোনো প্রকার সত্যতা যাচাই না করে আমাকে অন্যায়ভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এতে সামাজিকভাবে আমার মানসম্মান ক্ষুণ্ন হয়েছে। আমি এতে খুবই মর্মাহত। মিথ্যা অভিযোগের সত্যতা যাচাই করে আমাকে ওই পদে পুর্নবহাল করার জোর দাবি জানাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘যে লোকের কাছে চাঁদা দাবি করার কথা বলা হয়েছে, সেই লোক তো অস্বীকার করেছেন, তাহলে আমি কীভাবে চাঁদাবাজ হলাম।’ এদিকে পালং বাজারের যে রামু ঘোষ থেকে চাঁদা দাবির কথা ফেসবুকে ভাইরাল হয়েছে, সেই রামু ঘোষ তা অস্বীকার করে বলেছেন, তার কাছে নুরুজ্জামান ব্যাপারী কোনো প্রকার চাঁদা দাবি করেননি।