
শরীয়তপুরের জাজিরা উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে এক ভ্যানচালক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার সেনেরচরে ভুট্টা ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জাজিরা থানার এসআই মো. শহীদুল ইসলাম জানান।
নিহত প্রান্ত (১৪) জাজিরা উপজেলার বিলাশপুর ইউনিয়নের চেরাগ আলী বেপারীকান্দির প্রয়াত আতিকুর রহমানের ছেলে।
এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে গ্রেপ্তার করা হলেও জিজ্ঞাসাবাদ শেষে তিনজনকে ছেড়ে দেওয়া হয় বলে পুলিশ জানায়।
নিহতের স্বজনরা জানান, গত রোববার নিজ বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয়ে নিখোঁজ হয় প্রান্ত। পরদিন তার নিখোঁজের বিষয়ে জাজিরা থানায় একটি ডায়েরি করা হয়।
প্রান্তর মামা এসকান্দার আলী বলেন, “তার বাবা মারা যাওয়ায় আমার ভাগ্নে পড়াশোনা করতে পারেনি। তাই সে ভ্যান চালিয়ে সংসার চালাতো।
“আজ শুক্রবার লাশ পেলাম, সামান্য ভ্যানের জন্য আমার ভাগ্নেকে মেরে ফেললো ওরা।”
জাজিরা থানা ওসি জানায়, তারা তথ্যপ্রযুক্তির সহায়তায় নুরুল ইসলাম নুরু (৩৫) নামের একজনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে প্রান্তর ভ্যানটি ছিনতাইয়ের জন্য তাকে হত্যার কথা স্বীকার করেন নুরু। পরে তার দেওয়া তথ্যে লাশটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে ওসি মোস্তাফিজুর রহমান জানান।