
পাবনার সাঁথিয়ায় পেঁয়াজের জমিতে পানি দিতে গিয়ে সাপের কামড়ে ফজর আলী সরদার (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় সাপের কামড়ের পর রাতে তার মৃত্যু হয়।
ফজর আলী সরদার উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের ঘুঘুদহ গ্রামের মৃত কাশেম আলী সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে ফজর আলী তার নিজের পেঁয়াজের জমিতে পানি দিতে যান। এ সময় গর্তের ভেতর থেকে গোখরো সাপ তাকে কামড় দেয়। তার চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। এরপর স্বজনরা তাকে সিরাজগঞ্জের শাহজাদপুরে এক কবিরাজ বাড়ি নিয়ে যান। সেখানে কবিরাজ ঝাড়ফুঁক দেন। রাতে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।