
পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, বিএনপির জন্ম হয়েছে অবৈধ ক্ষমতা দখলকারীর হাতে। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা গনতন্ত্রে বিশ্বাস করলে নির্বাচনে এসে প্রমাণ করতো। ছাত্রলীগ যেকোনো দুর্যোগ-দুর্বিপাকে অগ্রণী ভূমিকা পালন করে। তাই যেকোনো অপশক্তির বিরুদ্ধে সজাগ থাকতে হবে।
সকল অপশক্তিকে মোকাবিলায় ছাত্রলীগকে অগ্রনী ভূমিকা রাখতে হবে।
শনিবার (২ ডিসেম্বর) সকালে শরীয়তপুরের নড়িয়ায় দলীয় কার্যালয়ে নড়িয়া উপজেলা ও সরকারি কলেজ ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ বিনির্মাণের নৌকার বিজয়ের বিকল্প নাই। কারণ, নৌকা এগিয়ে গেলে শেখ হাসিনা এগিয়ে যায়। আর শেখ হাসিনা এগিয়ে গেলে বাংলাদেশ এগিয়ে যায়।
নড়িয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান বিপ্লবের সভাপতিত্বে ও কলেজ ছাত্রলীগের সভাপতি ইমরান খালাসীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, ছাত্রলীগের সহ-সভাপতি নুর এ আলম আশিক।
বক্তব্য রাখেন, নড়িয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকাশ, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন প্রমূখ।