
শরীয়তপুর সদর উপজেলায় মুন্সীগঞ্জ থেকে বেড়াতে আসা আমেরিকা প্রবাসী তার স্ত্রীকে নিয়ে ছবি তোলাকে কেন্দ্র করে স্থানীয় কিছু বখাটে যুবক তার স্ত্রীর গলায় থাকা স্বর্ণের চেইন ছিনতাই করে। এ নিয়ে প্রতিবাদ করলে তাদের আত্মীয় জুয়েল সরদারের বাড়িতে হামলা করে তানা। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের চরযাদবপুর গ্রামে। এ ঘটনায় ছয়জন আহত হন। আহতদের শরীয়তপুর সদর হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, মুন্সীগঞ্জ থেকে আমেরিকা প্রবাসী চঞ্চল মিয়া ও তার স্ত্রী সুমাইয়া আক্তার রোববার বিকালে শরীয়তপুর জেলার সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের চরযাদবপুর গ্রামের জুয়েল সরদারের বাড়িতে বেড়াতে আসেন। সোমবার সকালে বাড়ির পাশে ফাঁকা জায়গায় স্বামী-স্ত্রী মিলে ছবি তুলেন। এ সময় স্থানীয় মোবারক সিকাদর, ফারুক সিকদারসহ ৪-৫ জন মিলে প্রবাসীদের ছবি তোলার কারণ জানতে চায়। প্রবাসী এর প্রতিবাদ করলে তার গলায় থাকা চেইন ছিনতাই করে নিয়ে যায়। এ সময় তার আত্মীয় জুয়েল সরদার বাড়ি থেকে এসে প্রতিবাদ করলে তার বাড়িঘরে হামলা ও ভাঙচুর করে তারা। এ সময় তাদের হামলায় প্রবাসী চঞ্চল তার স্ত্রী সুমাইয়া, আত্মীয় জুয়েল সরদারের মেয়ে রুবিনা, রুমিয়া, জুলেখা ও আকলিমা বেগম আহত হন।
ঘটনার সত্যতা স্বীকার করে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিসবাহ উদ্দিন আহাম্মেদ বলেন, এ ব্যাপারে সোমবার বিকালে ৩-৪ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে।