
আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর মোড়াল ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এছাড়া আওয়ামী নেতাদের বাড়ি ও কার্যালয়ে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। যুগান্তর প্রতিনিধিদের পাঠানো খবর : গৌরীপুরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার ভাস্কর্য ভেঙে গুঁড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সম্পাদক সোমনাথ সাহার ব্যবসায়ী প্রতিষ্ঠান আরএমজি ইন্টারন্যাশনাল অ্যাগ্রো লিমিটেডে ভাঙচুর-লুট, ৫টি বাস ও ২টি ট্রাকে অগ্নিসংযোগ করা হয়। ইন্দুরকানীতে দফায় দফায় সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন ১০ জন। এছাড়া উপজেলা পরিষদের কয়েকটি কক্ষের তালা ভাঙচুর করে দুর্বৃত্তরা। দশমিনায় রহিম তালুকদার নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীর বসতঘর ভাঙচুর ও লুটপাট করেছেন দুর্বৃত্তরা। কমলগঞ্জে সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদের বাড়িসহ বিভিন্ন স্থানে হামলা এবং বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নামফলক, বঙ্গবন্ধুর মোড়াল ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। তানোরে থানা ঘেরাও, আ.লীগের দলীয় কার্যালয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এছাড়াও উপজেলার সরনজাই উচ্চবিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙচুরের খবর পাওয়া গেছে। আগৈলঝাড়ায় শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করা হয়েছে। চট্টগ্রামে বিকাল ৪টা থেকে পাহাড়তলী থানা ঘেরাও করে কিছু দুষ্কৃতকারী। ফরিদগঞ্জে গল্লাক আদর্শ ডিগ্রি কলেজ অধ্যক্ষ হরিপদ দাসের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করার ঘটনা ঘটেছে। দাগনভূঞায় থানাসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগ এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। বাঘায় প্রেস ক্লাবের সম্পাদক নুরুজ্জামানের বাড়িসহ ১৩ স্থানে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে। পিরোজপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান খালেকের বাসায় হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। কাউখালীতে পিরোজপুর-২ আসনের সংসদ-সদস্য মহিউদ্দিন মহারাজের বাসা ভাঙচুর ও হামলা চালিয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অবস্থিত চেতনা-৭১ ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে। মেহেরপুর মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ভেঙে দিয়েছে দুবৃর্ত্তরা। শরীয়তপুরে আংগারিয়া ইউনিয়নের পরাসদ্দি গ্রামে ১০টি বাড়িঘর ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

রাণীশংকৈলে উপজেলা আ.লীগের সভাপতি সইদুল হক ও পৌর মেয়র মোস্তাফিজুর রহমানের বাড়িসহ তার ব্যবসা প্রতিষ্ঠানে ও সরকারি বিভিন্ন স্থপনায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। বিজয়নগরে আমতলী বাজার রূপসী বাংলা যুব স্পোর্টিং ক্লাব ও চান্দুরা ইউনিয়ন পরিষদ ভাঙচুর করে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। মুক্তাগাছায় আ.লীগ নেতাকর্মীদের বাড়িঘর ও ব?্যবসায় প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট করে আগুন জ্বালায়ে দেয় দুর্বৃত্তরা। গোলাপগঞ্জে উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি এলিমের বাড়িতে হামলা চালানো হয়েছে। এ সময় তার ঘরের গ্লাস, আসবাব ভাঙচুরের পর অগ্নিসংযোগ করা হয়েছে। কেন্দুয়ায় সাবেক এমপি অসীম কুমার উকিলের বাসা, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আব্দুল মতিনের বাসা, মাস্কা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম বাঙালির বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। ফুলপুরে উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, পৌরসভার মেয়র শশধর সেনের বাসভবনে হামলা ও ভাঙচুর হয়েছে।