বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয় মিছিল থেকে বাড়িতে ফিরল আল আমিনের নিথর মরদেহ

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পরে বিজয় মিছিলে যোগ দিয়েছিল আল আমিন। বিজয় উল্লাসকে সকলের সঙ্গে ভাগ করে নিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করেছিল লাইভ। কিন্তু হঠাৎ করেই গোলাগুলির শব্দের মধ্যে তার লাইভটি নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে মোবাইল বন্ধ হয়ে যায়। এরপর আর কোথাও আল আমিনকে খুঁজে পাওয়া যায়নি। বিজয় মিছিলের ১২ দিন পরে বুলেটের ক্ষতচিহ্নসহ তার মরদেহ পাওয়া যায় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে। বিজয় মিছিলে আমার ভাই এভাবে গুলিবিদ্ধ হয়ে মারা যাবে, তা কল্পনাও করিনি। কথাগুলো ঢাকা পোস্টকে বলছিলেন আল আমিনের ছোটবোন আফলান সিনথিয়া।

নিহত মীর মুহাম্মদ আল আমিন (২৯) শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিঝারি ইউনিয়নের দক্ষিণ মগর গ্রামের ইসমাইল মীর মালতের বড় ছেলে। বিজয় মিছিল থেকে গুলিবিদ্ধ হয়ে এমন মৃত্যু মেনে নিতে পারছে না আল আমিনের স্বজন ও আন্দোলনের সাথীরা।

আল আমিনের বোন আফলান সিনথিয়া ঢাকা পোস্টকে বলেন, আমার ভাই ৪ বছর বয়স থেকে পরিবারের সঙ্গে সৌদি আরব থাকতেন। পরিবারের সবাই এক বছর আগে বাংলাদেশে ফিরলেও আল আমিন এসেছিল ৪ মাস আগে। দেশে আসার পরে রাজধানী ঢাকার সাভার বাইপাল এলাকায় বাবাকে নিয়ে একটি মুদি দোকান পরিচালনা করতো সে। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের একজন সমর্থক ছিল আল আমিন। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে দুপুরের দিকে আল আমিন বিজয় মিছিলে অংশগ্রহণ করে তার নিজের ফেসবুক আইডিতে বিজয় উল্লাস লাইভ করেন। যা তার স্বজনরাসহ সবাই দেখেছে।