বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোববার থেকে ২২ দিন জাল ফেলা বন্ধ চাঁদপুরের পদ্মা-মেঘনায়

 

আশ্বিনের পূর্ণিমাকে প্রজননকালের ভিত্তি ধরে আগামী রোববার থেকে ২২ দিন চাঁদপুরের পদ্মা-মেঘনায় ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে।

এ সময় দেশব্যাপী ইলিশ পরিবহণ, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময় নিষিদ্ধ থাকবে এবং মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়ন করা হবে বলে জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান বলেন।

তিনি বলেন, “প্রতি বছর এই সময়ে মা ইলিশ ডিম ছাড়ার লক্ষে সাগর থেকে ঝাঁকে ঝাঁকে পদ্মা-মেঘনা নদীতে ছুটে আসে। এই সময়কে বিবেচনা করে এ বছরও ১২ অক্টোবর মধ্যরাত থেকে ৩ নভেম্বর ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার।

“চাঁদপুরের মেঘনা নদীর ষাটনল থেকে লক্ষ্মীপুর জেলার চর আলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় নিষেধাজ্ঞার সময়ে কোনো জেলে নদীতে জাল ফেলতে পারবেন না।”

তিনি বলেন, এ সময়ে ইলিশ মাছ আহরণ ও বিক্রি করলে এক বছর থেকে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানাসহ উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে।

এদিকে, নিষেধাজ্ঞা ঘোষণার পর পদ্মা-মেঘনা পাড়ের অর্ধলক্ষাধিক জেলে জাল-নৌকা তীরে উঠিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

নিষেধাজ্ঞার সময়ে পরিবার-পরিজনের ভরণ-পোষণ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন জেলেরা।

সরকারিভাবে জেলেদের খাদ্যের পাশাপাশি আর্থিক সহায়তার দাবি জানান জেলেরা।

চাঁদপুর সদর উপজেলা হরিনাঘাট মেঘনা পাড়ের জেলে বাবুল বলেন, “আমরা সরকারের নিষেধাজ্ঞা মানি। কিছু কিছু জেলে মানে না। ২২ দিন মাছ ধরতে পারবো না কিন্তু পরিবার নিয়ে কীভাবে দিন কাটে, সেই খবর কেউ রাখে না। আমাদের যে চাল দেয়, তা দিয়ে কিছুই হয় না। চালের সাথে আনুষাঙ্গিক জিনিস লাগে, সেই খরচ কই পাব?”

লোকমান হোসেন নামে আরেক জেলে বলেন, “মাছ ধরতে নিষেধাজ্ঞার সময়ে দেওয়া সরকারি চাল আমরা চাই না। আমাদের এককালীন টাকা দিলে পোষাতে পারব।

“কারণ ধারদেনার টাকা দিয়ে আমাদের চলতে হয়। ছেলে-মেয়ের লেখাপড়ার খরচ চালাতে পারি না। আমাদের দুশ্চিন্তার কথা কেউ জানে না। অনেক জেলে বাধ্য হয়েই নদীতে নামে।”

চাঁদপুর নদীকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আবু কাউছার দিদার বলেন, “বিগত বছরের মত এবারো ইলিশের ডিম ছাড়াল অনুকূল পরিবেশ রয়েছে।”

তিনি বলেন, “ইলিশের প্রাপ্যতা বৈরী আবহাওয়ার কারণে গতবার কম ছিল। ফলে জেলেরা আশানুরূপ ইলিশ পাননি।”

“আশা করছি, ২২ দিন বন্ধ থাকার পরপরই কাঙ্ক্ষিত ইলিশ পাব,” বলেন আবু কাউছার দিদার।

চাঁদপুরের ডিসি মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, “অন্য বছরের তুলনায় এ বছর ইলিশ ধরা নিষেধাজ্ঞা কঠোরভাবে পালিত হবে।

“নিষেধাজ্ঞার সময়ে কোনো জেলে নদীতে নামলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোস্টগার্ড ও নৌ পুলিশে অতিরিক্ত সদস্য রাখা হবে।“

তিনি বলেন, “এছাড়া এবার সেনাবাহিনীকে বলা হয়েছে, যেন নদীর তীরে মনিটরিং করে। পাশাপাশি এবার রোবার স্কাউটকেও এ কাজে যুক্ত করা হবে।”

এ সময়ে জেলেদের সহায়তার বিষয়ে ডিসি বলেন, “খাদ্য সহায়তা হিসেবে এই সময়টাতে জেলেদের ২৫ কেজি করে যে চাল দেওয়া হয় এর বাইরে কোনো আর্থিক সহায়তার সুযোগ নেই। কারণ আমরা শুধু চালই বরাদ্দ পেয়েছি।

“জেলেরা যে আর্থিক সহায়তার দাবি করেন, আমরা ভবিষ্যতে এ বিষয়টি নিয়ে কথা বলব। যেন তাদের জন্য কিছু করতে পারি।”