
পূজামণ্ডপ পরিদর্শন শেষে বাড়ি ফেরার পথে শরীয়তপুরের নড়িয়ায় জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি কর্নেল (অব.) এসএম ফয়সাল মাহমুদের গাড়ি বহরে বোমা হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় ৬ জন আহত হয়েছে। আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ বলছে, গাড়ি বহরের পেছন থেকে হামলা হয়েছে।
শনিবার বিকালে কর্নেল (অব.) এসএম ফয়সাল মাহমুদের গাড়ি বহর নিয়ে নড়িয়া ও সখিপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বের হন। রাত ১০টার দিকে নড়িয়া উপজেলার ভোজেশ্বর এলাকার পূজামণ্ডপ পরিদর্শন শেষে রাত ১২টার দিকে নড়িয়া উপজেলা সদরের মাজেদা শওকত আলী হাসপাতাল এলাকা অতিক্রম করার সময় মুখোশধারী শতাধিক লোক মোটরসাইকেলে এসে হামলা চালায়। এ সময় হামলাকারীরা বোমা নিক্ষেপ ও গুলি করে। এতে ছয়জন আহত হয়। নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।