বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাজিরায় ইলিশ রক্ষা অভিযানে দুর্বৃত্তের হামলা, আহত ৮

 

শরীয়তপুরের জাজিরায় মা ইলিশ রক্ষা অভিযানে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এতে মৎস্য বিভাগের ৮ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার বাবুরচর এলাকার পদ্মা নদীতে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী রিয়াদ, গাড়িচালক মো. সাগর, স্পিডবোটচালক সেকেন্দার হোসাইন, তাদের সহযোগী হাবিব, জিল্লুর রহমান, মুশফিকুর রহমান, জামিল হোসেন ও সেকান্দার হোসেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, মা ইলিশ রক্ষায় মঙ্গলবার রাতে জাজিরার সিডারচরে একটি স্পিডবোট, বাবুর চরে দুটি স্পিডবোট ও চরাত্রায় একটি স্পিডবোটে মৎস্য বিভাগের লোকজন অভিযানে দায়িত্বরত ছিলেন। হঠাৎ ১৮ থেকে ২০টি ইঞ্জিনচালিত নৌকায় লোকজন এসে বাবুর চরের দুটি স্পিডবোটে হামলা চালায়। হামলাকারীরা দেশীয় অস্ত্র ও লগি-বইঠা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে মৎস্য বিভাগের ৮ জনকে আহত করে পালিয়ে যান।