বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে প্রতিবেশীদের সংঘর্ষ থামাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

 

শরীয়তপুরের ডামুড্যায় দু’পক্ষের মারামারি থামাতে গিয়ে লাঠির আঘাতে নজরুল ইসলাম মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের চর ভয়রা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম মোল্লা একই এলাকার মৃত মমিন আলি মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চর ভয়রা এলাকার সালামত সরদার ও মিয়া চাঁন সরদারের পরিবারের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও পরবর্তীতে তা মারামারিতে রূপ নেয়। এ সময় তাদের মারামারি থামাতে প্রতিবেশী নজরুল ইসলাম মোল্লা এগিয়ে আসেন। মারামারির এক পর্যায়ে একটি লাঠির আঘাত পড়ে তার মাথায়। এতে মাঠিয়ে লুটিয়ে পড়েন নজরুল ইসলাম। পরে তাকে উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, মারামারি থামাতে গিয়ে নজরুল ইসলাম মোল্লা নামের এক ব্যক্তি আঘাত পেয়ে মারা গেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়ছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।