বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে অস্তিত্ব সংকটে নদ-নদী দখল-দূষণে জড়িত প্রভাবশালীরা

 

দখল-দূষণে অস্তিত্ব সংকটে শরীয়তপুরের ২০টি নদ, নদী ও অসংখ্য খাল। একসময়ের খরস্রোতা নদ-নদী এখন মৃতপ্রায় খালে পরিণত হয়েছে। প্রকাশ্য দিবালোকে নদী থেকে নির্বিচারে ও অবৈধভাবে মাটি উত্তোলনের কারণে নদীর তীরকে অরক্ষিত ও ভাঙনের ঝুঁকিতে ফেলেছে। মাটি উত্তোলনকারীরা কেবল মাটি উত্তোলনের মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখেননি, অনেকে নদীর পাড় দখল করে বিশাল এলাকাজুড়ে ইটভাটা বসিয়ে বছরের পর বছর ব্যবসা করে আসছেন। ফলে শরীয়তপুর জেলার ৬টি উপজেলার নদ-নদী ও অসংখ্য খাল এখন অস্তিত্বহীন হয়ে পড়েছে। জেলা নদী রক্ষা কমিটির সূত্রে জানা গেছে, শরীয়তপুরে মোট ২০টি ছোট-বড় নদ-নদী রয়েছে। এগুলো হলো-পদ্মা, মেঘনা (লোয়ার), কীর্তিনাশা, আড়িয়াল খাঁ, জয়ন্তী, মুন্সীরহাট, নাওডোবা, মরা কীর্তিনাশা, বুড়িরহাট-ভেদরগঞ্জের, কীর্তিনাশা ও সুরেশ্বর-ডামুড্যা নদী। কীর্তিনাশা নদীর উৎসমুখ নড়িয়ার পদ্মা নদী থেকে শুরু হয়ে শরীয়তপুর জেলা শহরের ভেতর দিয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে মাদারীপুর জেলার কালকিনি দিয়ে আড়িয়াল খাঁ নদে মিলিত হয়েছে। জেলার মাঝ দিয়ে প্রবাহিত একসময়ের প্রবল স্রোতস্বিনী ২০ কিলোমিটার দীর্ঘ এই নদীর বিভিন্ন অংশে পাড় দখল হয়ে যাওয়ায় নদী সংকুচিত হয়ে গেছে। দখল-দূষণ আর নদী থেকে বালু উত্তোলন এবং নদীর পাড় কেটে মাটি নেওয়ার কারণে এই নদীটি এখন টিকে থাকার লড়াইয়ে হিমশিম খাচ্ছে। শরীয়তপুর সদর উপজেলার কোটাপাড়া, রাজগঞ্জ ও আংগারিয়া, নড়িয়া উপজেলার মোক্তারের চর, ভোজেশ্বরসহ অন্যান্য এলাকায় কীর্তিনাশা নদীর পাড় দখল করে গড়ে উঠেছে কয়েকটি ইটভাটা। বুড়িরহাট-ভেদরগঞ্জ নদীটির উৎসমুখ নড়িয়া উপজেলার সুরেশ্বরের পদ্মা নদী, যা ডামুড্যা উপজেলার জয়ন্তী নদীতে মিলিত হয়েছে। ৯ কিলোমিটার দীর্ঘ এই নদীর পাড় দখল করে ভেদরগঞ্জ উপজেলা সদরের বিভিন্ন স্থানে বড় বড় পাকা ভবন নির্মাণ করা হয়েছে। প্রায় এক যুগে দখল হয়ে গেছে নদীর অধিকাংশ পাড়। ডামুড্যা উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত জয়ন্তী নদীর উৎসমুখ বুড়িরহাট-ভেদরগঞ্জ। ২৬ কিলোমিটার দীর্ঘ এই জয়ন্তী নদীটি গোসাইরহাট উপজেলা ভেদ করে মেঘনা নদীতে পতিত হয়েছে। নদীটি দিয়ে এখনো ঢাকা ও বরিশালের সঙ্গে লঞ্চ যোগাযোগ সচল আছে। তবে ডামুড্যা উপজেলা সদরের বিভিন্ন স্থানে নদীর পশ্চিম পাড় দখল করে দোকানপাট, ফার্মেসি ও বেসরকারি হাসপাতাল নির্মাণসহ পাকা ভবন নির্মাণ করেছেন স্থানীয় প্রভাবশালীরা। এছাড়া নদীর পূর্বপাড় বালু ব্যবসায়ীরা দখল করে সেখানে বালুর স্তূপ তৈরি গড়ে তুলেছেন। ফলে নদী সংকুচিত হয়ে গেছে। এখানে নদী থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ডামুড্যা বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহম্মেদ, শামীম, শিক্ষক আব্দুর রব মিয়াসহ অনেকে জানিয়েছেন, বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে স্থানীয় প্রভাবশালীরা নদীর পাড় দখল করে স্থাপনা নির্মাণ করেছেন। ফলে সরু হয়ে গেছে নদী। এভাবে চলতে থাকলে হারিয়ে যাবে ডামুড্যার ঐতিহ্যবাহী জয়ন্তী নদী। তাই নদী সুরক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন তারা। একই অবস্থা সুরেশ্বর-ডামুড্যা নদীর, যার উৎসমুখ পদ্মা ও পতিতমুখ জয়ন্তী নদী। শরীয়তপুর পৌরসভার প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক পিংকি সাহা বলেন, জেলা প্রশাসক নির্দেশে পৌরসভাধীন খাল দখলমুক্ত করার কাজ শুরু হয়েছে, যা উদ্ধার হওয়া পর্যন্ত চলমান থাকবে।