
শরীয়তপুরের জাজিরায় ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানের সময় এক ব্যক্তির মৃত্যুর ঘটনা তদন্তে জেলা পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই ঘটনায় জাজিরার পদ্মা সেতু দক্ষিণ থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর পাশে গত শনিবার রাতে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দলের অভিযানের সময় মিলন ব্যাপারী (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, অভিযান চালানোর সময় ডিবি পুলিশের সদস্যরা তাঁকে মারধর করেন এবং তাঁর মৃত্যু হয়।
মিলন ব্যাপারী পশ্চিম নাওডোবা এলাকার আমজাদ ব্যাপারীর ছেলে। পদ্মা সেতুর রেলের ভায়াডাক্টের ৪৮ নম্বর পিয়ারের পাশে তাঁর বসতবাড়ি। সেখানেই একটি ছোট মুদিদোকান চালাতেন তিনি।