
আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রত্যাশা জানিয়ে ‘মারামারি-কাটাকাটি আর কাদা ছোড়াছুড়ি’ বন্ধ করার জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
তা না হলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব ‘বিপন্ন হবে’ বলে হুঁশিয়ার করে তিনি বলেছেন, “আমি আজকে বলে দিলাম, নইলে বলবেন সতর্ক করিনি।”
মঙ্গলবার ‘জাতীয় শহীদ সেনা দিবস’ উপলক্ষে মহাখালীর রাওয়া ক্লাবে ‘পিলখানায় সংগঠিত নির্মম হত্যাকাণ্ডে শাহাদাত বরণকারী শহীদ অফিসারদের স্মরণে’ আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলছিলেন সেনাপ্রধান।
একটি ‘সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক’ নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়ে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার সেদিকে খেয়াল করবেন। আমরা যৌথবাহিনী ড. ইউনূসের সাথে কথা বলেছি।”