
আট বছরের শিশুটি মাগুরা সদর উপজেলার যে বাড়িতে ধর্ষণের শিকার হয়েছিল সেই বাড়িতে বিক্ষুব্ধ জনতা আগুন দিয়েছে।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার নিজনান্দুয়ালী গ্রামের হিটু মিয়ার বাড়িতে একদল বিক্ষুব্ধ জনতা ওই বাড়িতে গিয়ে আগুন ধরিয়ে দেয় বলে জানান ঘটনাস্থলে থাকা ওই গ্রামেরই বাসিন্দা মনিরুল ইসলাম।

এদিকে ধর্ষণের ঘটনার দ্রুত বিচারের দাবিতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষোভ করছে স্থানীয় জনতা। রাত ৮টার দিকে তারা মাগুরা শহরের ভায়না মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।
মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়ি বেড়াতে গিয়ে ৬ মার্চ শিশুটি ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ করে তার পরিবার। সেই খবরে সারা দেশে তৈরি হয় ক্ষোভ।
পরে মাগুরা শহরের নোমানী ময়দান শিশুটির প্রথম জানাজা এবং পরে শ্রীপুর উপজেলা জারিয়া গ্রামে দ্বিতীয় দফা জানাজা অনুষ্ঠিত হয়।
নির্যাতনের শিকার শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে নেওয়া হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর উন্নত চিকিৎসার জন্য ৬ মার্চই তাকে ঢাকা মেডিকেলের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) ভর্তি করা হয়।