
দীর্ঘ প্রতীক্ষার পর যমুনা নদীর ওপর নির্মিত দেশের দীর্ঘতম রেল সেতুর আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।
মঙ্গলবার বেলা ১২টায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম যমুনা রেল সেতুর উদ্বোধন করেন।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক এম আফজাল হোসেনের সভাপতিত্ব উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং জাপানের বৈদেশিক উন্নয়ন সংস্থা জাইকার দক্ষিণ এশিয়াবিষয়ক মহা-পরিচালক ইতো তেরুয়ুকি। স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মাসুদুর রহমান।
এ রেলওয়ে সেতু পার হতে লাগবে তিন থেকে পাঁচ মিনিট; যা উত্তরাঞ্চলসহ দেশের যোগাযোগ, বাণিজ্য ও অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করবে।
সংশ্লিষ্টরা বলছেন, এ সেতুর ফলে উত্তর-দক্ষিণ ও পশ্চিম অঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ আরও সহজ হবে। এতে বাংলাদেশ সম্ভাবনাময় অগ্রযাত্রার আরও এক ধাপ এগিয়ে গেল।
যমুনা নদীতে বর্তমান সড়ক সেতুর পাশে নতুন এই রেলসেতুটি নির্মাণ করা হয়েছে। ঢাকার সঙ্গে সরাসরি রেলপথে উত্তর-দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগের সেতুবন্ধন এই সেতু উদ্বোধনে খুশি স্থানীয়সহ রেলযাত্রীরাও। তবে ডাবল লেনের হলেও বর্তমানে সিঙ্গেল লেন চালু হওয়ায় সেতুটির পুরোপুরি সুফল সহসাই মিলবে না যাত্রীদের।
সেতুটি ৫০টি পিলার এবং ৪৯টি স্প্যানের ওপর নির্মিত। নতুন রেলওয়ে সেতুটি যমুনা বহুমুখী সেতুর ৩০০ মিটার উজানে অবস্থিত। দেশের দীর্ঘতম ও আধুনিক এই সেতুর ওপর দিয়ে ৮৮টি ট্রেন দ্রুতগতিতে চলাচল করতে পারবে। ১৯৯৮ সালে যমুনা বহুমুখী সেতু উদ্বোধনের পর থেকে প্রায় ৩৮টি ট্রেন প্রতিদিন তুলনামূলকভাবে ধীর গতিতে যাতায়াত করে।