
সদ্যঘোষিত শরীয়তপুর জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে ১০তম দিনে বৃহস্পতিবার বিকালে পৌরসভার শহীদ মিনারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয়।
এতে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের একাংশ আফজাল নুর, বাবু সরদার, ইসহাক পান্থসহ ৫ জন যুগ্ম আহ্বায়করা। এ সময় ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা সদ্যঘোষিত কমিটি বাতিল করে নতুনভাবে কমিটি দেওয়ার জন্য জোর দাবি জানায়। সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে বক্তব্য দেন, খান বাহাদুর আফজাল নুর. বাবু মাদবর, আতিক খান, পান্থ তালুকদার, ইসাহাক সরদার প্রমুখ।

উল্লেখ্য, ৩ জুন ৩৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি। এর পর থেকে ১০ দিন ধরে একটি পক্ষ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ, মশাল মিছিল, কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে। নতুন এ কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। তাতে পুলিশ সদস্য, পথচারীসহ ২০ জন আহত হয়েছেন।
যুগ্ম আহ্বায়ক আফজাল খান বলেন, তৃণমূলের নিবেদিত নেতাদের বাদ দিয়ে বয়স্ক ও অছাত্রদের দিয়ে কমিটি করা হয়েছে। যার কারণে আমরা সবাই ওই কমিটি প্রত্যাখ্যান করেছি। কমিটি বাতিল না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। প্রয়োজনে সড়ক অবরোধ ও অনশনের মতো কর্মসূচি দেওয়া হবে।