
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নরসিংহপুর ফেরিঘাট ‘ইজারা’ নিয়ে বিএনপির দুই পক্ষের দ্বন্দ্বের জেরে বন্ধ রয়েছে ফেরি চলাচল। এতে ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার রাতে থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাসসহ দেড় শতাধিক যানবাহন আটকা পড়েছে বলে জানিয়েছেন নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক ইকবাল হোসেন।
ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘদিন ধরে শরীয়তপুর-চাঁদপুর নৌ-পথের নরসিংহপুর ফেরিঘাটের ইজারা নিয়ে শরীয়তপুর জেলা যুবদলের সাবেক সহসভাপতি মোমিন দিদারের সঙ্গে সখিপুর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইউসুফ জিসান বালার বিরোধ চলে আসছিল।
শুক্রবার সকালে একটি পক্ষ ইজারা ওঠাতে গেলে অন্য পক্ষের সঙ্গে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এখন পর্যন্ত ঘাটে ফেরি পারাপারের অপেক্ষায় ট্রাক, বাস ও ব্যক্তিগত দেড় শতাধিক গাড়ি আটকা পড়েছে।
এ বিষয়ে ছাত্রদলের সাবেক নেতা জিসান বালা বলেন, “সরকার এক বছরের জন্য আমাকে ঘাট ইজারা দিয়েছে। কিন্তু সাবেক ইজারাদার মোমিন দিদার ইজারার জন্য আপিল করেছেন।
তিনি নাকি উচ্চ আদালত থেকে ইজারার পক্ষে রায়ে পেয়েছেন। তবে আদালত থেকে আমি কোনো কাগজ হাতে পাইনি।”
বৃহস্পতিবার উচ্চ আদালত থেকে এই ঘাটের ইজারার রায় পাওয়ার দাবি করে যুবদল নেতা মোমিন দিদার বলেন, “আমার লোকজন ফেরিঘাটে কাজ করছে। কিন্তু জিসান বালা বিভিন্নভাবে বাধা দিচ্ছেন। তার লোকজন গাড়িগুলো উল্টো পথে ফিরিয়ে দিচ্ছে।”
ট্রাক চালক ইমন বলেন, “রাত ২টা থেকে ঘাটে আটকা পড়ে আছি। আমরা ফেরি পারাপারের জন্য অপেক্ষায় আছি। দুই কিলোমিটার পর্যন্ত যানজট রয়েছে। আমরা ভোগান্তিতে আছি। এর সমাধান চাই।”

নরসিংহপুর ফেরি ঘাটের ব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, “ইজারা ওঠানোকে কেন্দ্র করে মধ্যরাত থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে ঘাটে গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়েছে। যাত্রী ও চালকরা ভোগান্তির শিকার হচ্ছেন। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।