
শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধে আবারো ভাঙন দেখা দিয়েছে। তীব্র স্রোতের কারণে বাঁধের প্রায় ১১০ মিটার অংশ ধসে পড়ে নদীতে বিলীন হয়ে গেছে অন্তত ৩০টি বসতঘর।
আরও বড় ধরনের ভাঙনের আতঙ্কে বসতঘর অন্যত্র সরিয়ে নিচ্ছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার ও শুক্রবার সকালে উপজেলার নাওডোবা ইউনিয়নের মাঝিরঘাট এলাকায় এ ভাঙন দেখা দেয় বলে জানিয়েছেন শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মাদ তারেক হাসান।
তিনি আরও বলেন, “ভাঙন রোধে জিওব্যাগ ও জিও টিউব ডাম্পিং শুরু করেছি।”
তবে প্রবল স্রোত ও বৃষ্টির কারণে ডাম্পিংয়ের কাজ কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে বলে জানান তিনি।
স্থানীয়রা জানান, একদিনের এ ভাঙনে এর মধ্যেই মাঝিরঘাট এলাকার মনোয়ার হোসেন, রিংকু মাদবর, তাজুল মাদবর, রানা মাদবর, ইমরান মাদবরের বসতঘর নদীগর্ভে চলে গেছে।
ভুক্তভোগী মনোয়ার হোসেন বলেন, “ভোররাতে বিকট শব্দ শুনে নদীর পাড়ে এসে দেখি নদীভাঙন শুরু হয়েছে। দেখতে না দেখতে চোখের সামনেই আমার দুটি বসতঘর নদীগর্ভে চলে যায়।
“যদি কোনোভাবে ভাঙন ঠেকানো না যায়, তাহলে বাকি সবকিছুই চলে যাবে। আমরা এ এলাকায় টেকসই বেড়িবাঁধ চাই।
আরেক ভুক্তভোগী শাহীন মাদবর বলেন, “নদীভাঙনে আমার বসতঘর ও কাচারি ঘর নদীতে চলে গেছে। এখন কোথায় থাকব বুঝতে পারছি না। সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা চাই।”
স্থানীয় আব্দুল কাদের মোল্লার বলেন, “খবর শুনে আমি পদ্মা পাড়ে যাই। সেখানে মুহূর্তের মধ্যেই দুটি বসতভিটা নদী গর্ভে বিলীন হয়ে যেতে দেখি।”